২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী সংগঠন হিসেবে এখনও লাইসেন্স পায়নি বায়িং হাউজগুলো

বাণিজ্য মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতার কারণে ব্যবসায়ী সংগঠন হিসেবে এখনও টিও লাইসেন্স পায়নি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ এসোসিয়েশন (বিজিবিএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বর্তমানে দেশের প্রায় ২০০টি বায়িং হাউজ এ সংগঠনের সদস্য।

বিজিবিএ সভাপতি কাইয়ুম রেজা চৌধুরী বলেন, আগে জারি করা প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিট আবেদন করায় মন্ত্রণালয় বিজিবিএকে টিও লাইসেন্স দিতে পারবে না বলে গত ৪ জুলাই জানায়। বাণিজ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তটি অযৌক্তিক বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমরা যদি বিজিএমইএ’র সদস্যসপদ পেতে পারি তবে এসোসিয়েশন গঠনের স্বাধীনতাও আমাদের রয়েছে’।

বিজিবিএ টিও লাইসেন্স পাওয়ার জন্য গত ২৭ জুন আবেদন করে।

বিজিবিএ সূত্র জানায়, টিও লাইসেন্সের ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা হাইকোর্টে রিট আবেদন করবে।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ২০০২ সালের ২৯ আগস্ট বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি’র (বিজিএমইএ) সদস্য হওয়া এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নিবন্ধন নেওয়ার জন্য বায়িং হাউজগুলোর প্রতি একটি প্রজ্ঞাপন জারি করে।

নিট অ্যান্ড ওয়েভিং ফ্যাশন নামের একটি বায়িং হাউজ বাণিজ্য মন্ত্রণালয়ের ২০০২ সালে প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করে।

সূত্র মতে, প্রাতিষ্ঠানিক স্বার্থে বিজিএমইএ বিজিবিএ’র টিও লাইসেন্স না পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে অভিযোগ রয়েছে।

তবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) বিজিবিএ’র টিও লাইসেন্স পাওয়ার ব্যাপারে তাদের সমর্থন জানিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুসারে, বিজিএমইএ’র সহযোগী সদস্য হওয়ার জন্য একটি বায়িং হাউজকে ২৭ হাজার টাকা দিতে হবে। কিন্তু সহযোগী সদস্যদের কোনও ভোটাধিকার থাকবে না।