বাংলাদেশ ও জাপানের মধ্যে ১ হাজার ৪৬২ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ ও জাপানের মধ্যে সোমবার ১ হাজার ৪৬২ কোটি টাকার সুদমুক্ত ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জাপানের ৪০ বছর মেয়াদি এ ঋণ সুবিধার জন্যে বাংলাদেশকে বছরে মাত্র দশমিক ০১ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে এবং নির্ধারিত মেয়াদের অতিরিক্ত আরও ১০ বছর বর্ধিত সময় পরিশোধের জন্যে দেওয়া হবে।
জাপান দূতাবাসের এক বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, স্বল্প আয়ের দেশগুলো যাতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সফল হতে পারে, সে জন্যে জাপান সরকার সম্প্রতি এ ঋণ সুবিধা চালু করেছে। বাংলাদেশ এই প্রথম জাপানের কাছ থেকে এ সুবিধা পাচ্ছে।
তিনটি প্রকল্প বাস্তবায়নের জন্যে এ ঋণ দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছেÑ কর্ণফুলী পানি সরবরাহ (৭১৭ দশমিক ৮ কোটি টাকা), গ্রিড উপকেন্দ্র এবং সংলগ্ন টান্সমিশন লাইনের উন্নয়ন (২৭২ দশমিক ৬ কোটি টাকা) এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন (৪৭২ দশমিক ১ কোটি টাকা)।
বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাশেয়ুকি ইনু এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল রিলেশন্সের মাধ্যমে এ ঋণ সম্প্রসারিত করা হবে বলে দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটির (চট্টগ্রাম ওয়াসা) পানি সরবরাহ সুবিধা ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি পাবে।
টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প ফিক্সড ও মোবাইল ফোন নেটওয়ার্কের ক্রমবর্ধমান আন্তঃসংযোগ সুবিধার ক্ষেত্রে সহায়ক হবে। এ প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রধান প্রধান শহরে একটি আন্তর্জাতিক এক্সচেঞ্জ, অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক, ব্রডব্যান্ড নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা হবে।
গ্রিড উপকেন্দ্র এবং সংলগ্ন টান্সমিশন লাইনের উন্নয়ন প্রকল্পের আওতায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ জেলায় বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ ও ট্রান্সমিশন লাইনের কাজ সম্প্রসারণ করার মাধ্যমে বিদ্যুৎ সরবারাহ স্থিতিশীল ও আস্থাজনক অবস্থায় আনা হবে।
গত বছর জাপান ‘বাংলাদেশের পূর্বাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’ ৬২৭ কোটি টাকার ঋণ সহযোগিতা প্রদান করে। এ ঋণের সুদের হার ছিল দশমিক ৯ শতাংশ এবং ঋণ পরিশোধের মেয়াদ ছিল ৩০ বছর। এছাড়া পরিশোধের জন্যে আরও অতিরিক্ত ১০ বছর সময়ও দেওয়া হয়।
