মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা সংস্থা ‘উন্নয়ন অন্বেষণ ’
প্রস্তাবিত ২০০৬ - ০৭ অর্থবছরের বাজেটে সম্প্রসারণমূলক রাজস্ব নীতির বিপরীতে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করে ভারসাম্য আনার যে চেষ্টা করা হয়েছে, তা সার্বিকভাবে মূল্যস্ফীতি বাড়িয়ে তুলবে বলে আশংকা প্রকাশ করেছে স্থানীয় উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন অন্বেষণ’।
প্রস্তাবিত অর্থবছরকে নির্বাচনী বছর উল্লেখ করে উন্নয়ন অন্বেষণ জানায়, বিরাট আয়তনের এডিপি থেকে যে অর্থ ব্যয় হবে, নির্বাচনী বছরে তার বড় অংশই যাবে অনুৎপাদনশীল খাতে।
তারা আরও জানায়, বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ হ্রাস পেয়ে বিনিয়োগ গতিকে শ্লথ করবে। এর সঙ্গে যুক্ত হবে বিদ্যুৎ সংকট। ফলে সার্বিকভাবে অর্থনৈতিক উৎপাদনশীল কর্মকাণ্ড সংকোচিত হয়ে পড়ার আশংকা রয়েছে।
উন্নয়ন অন্বেষণ জানায়, মূল্যস্ফীতির পেছনে কিছু অর্থনৈতিক কারণ সক্রিয় থাকার পাশাপাশি অর্থনীতি বর্হিভূত কারণ যেমন মজুদদারি, বাজার সিন্ডিকেট কারসাজি এবং পরিবহন চাঁদাবাজির মতো কিছু বিষয়ও ভূমিকা রাখছে। অন্যদিকে বিশ্ব বাজারে ক্রমাগত তেলের মূল্য বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার দরপতন আমদানি ব্যয় বৃদ্ধি করছে। কিন্তু প্রস্তাবিত বাজেটে বাজারের অসাধু কারবার রোধ করে দব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণের কোনও ব্যাবস্থা রাখা হয়নি।
উন্নয়ন অন্বেষণের বাজেট প্রতিক্রিয়ায় আরো বলা হয়, প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ হবে ১৭ হাজার ১৯৮ কোটি টাকা, যার মধ্যে ২ হাজার ৫০৮ কোটি টাকা বিদেশি অনুদান প্রাপ্তি হিসেবে দেখানো হয়েছে। ফলে দেশি - বিদেশি ঋণ ব্যবস্থা থেকে ১৪ হাজার ৬৯০ কোটি টাকার ঘাটতি অর্থায়ন করা হবে। এর মধ্যে বিদেশি ঋণের চেয়ে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ হবে বেশি, যা ব্যাংক ব্যাবস্থা থেকে নেওয়া ঋণের পরিমাণ আরও বাড়িয়ে দেবে।
