২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল বর্ষণ ও ঢলে উত্তরাঞ্চলে বিভিন্ন নদীর পানিবৃদ্ধি ঃ তলিয়ে গেছে হাজার হাজার একর জমির ফসল

প্রবল বর্ষণ ও ঢলের কারণে পাবনা, সিরাজগঞ্জ এবং কুড়িগ্রামে যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর অস্বাভাবিক পানিবৃদ্ধির কারণে কয়েক হাজার একর জমির ফসল তলিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এছাড়া কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমোর ও সোনাভড়ি নদীর তীব্র ভাঙ্গনে আটশ’ পরিবার এবং পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর ভাঙ্গনে প্রায় তিনশ’ লোক গৃহহীন হয়ে পড়েছে।

বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, পাবনায় যমুনা ও পদ্মা এবং শাখা নদীগুলোর অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে জেলার ছয়টি উপজেলার চর এলাকার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

প্লাবিত অঞ্চলের আড়াই হাজার একর আবাদী জমির ইরি - বোরো ও পাটসহ বিভিন্ন শস্য তলিয়ে গেছে। এছাড়া যমুনা নদীর ভাঙ্গনের তীব্রতায় বেড়া উপজেলার নটাখোলা, খলসি, গজারিয়া, ঘোষচন্দা, সুরতুণ্ডা, মুন্সীগঞ্জ, খানপুরা ও চকবন্দি গ্রামের প্রায় তিনশ’ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

পাবনা কৃষি বিভাগ সূত্র জানায়, সাম্প্রতিক বর্ষণের ফলে পাবনা জেলার সুজানগর উপজেলার বিলগন্ডহস্তি, গাজনার বিল, সাগরকান্দি বিল, রানীণগর কোল, চাটমোহর উপজেলার ডিকশির বিল, বিলকুডুলিয়া, চন্ডিবিল, চলনবিল, সাঁথিয়া উপজেলার পাইকশা, রামচন্দ্রপুর, ফুলবাড়ি, রাউতি, বড়পাইকশা, ঘুঘুদহ, গাংভাঙ্গা বিল, বড়বিলা, বিলগ্যারকা, বেড়া উপজেলার আফড়ার বিল এবং আতাইকুলা থানার সাদুল্লাপুর কোলের পাকা ইরি বোরো ধানসহ বিভিন্ন ফসল ক্ষেত পানিতে ডুবে গেছে।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে পানি উন্নয়ন বোর্ডের বাঘাবাড়ি - নিমাইচরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকাবাসী কেটে দেওয়ায় বাঁধ অভ্যন্তরে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে প্রায় দেড়শ’ একর জমির গোখাদ্য নেপিয়ার, গামা ও জাম্বু ঘাস। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি গো বাথান।

এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা আনিসুর রহমান বাদি হয়ে বুধবার শাহজাদপুর থানায় একটি মামলা করেছেন।

পানি উন্নয়ন বোর্ড জানায়, শাহজাদপুর উপজেলায় চলন বিল এলাকার প্রায় ৬৩ হাজার হেক্টর জমির ইরি বোরো ধান আগাম বন্যার হাত থেকে রক্ষার জন্য সমন্বিত পল¬ী উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি বছর ওই লো - হাইট রিং বাঁধ নির্মাণ করা হয়। বাঁধটি কেটে দেওয়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রিং বাঁধটি অকার্যকর হয়ে পড়েছে।

গ্রামবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি মাছ চাষের জন্য অবৈধভাবে বাধ কেটে দিয়ে বিশেষ সুবিধা আদায় করে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়া বিডিনিউজকে বলেন, একটি প্রভাবশালী মহল প্রতিবছর এই লো হাইট রিং বাঁধ কেটে দিয়ে জনগণের দূর্ভোগ সৃষ্টি করে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য থানায় মামলা করা হয়েছে।

বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমোর ও সোনাভরি নদীর ভাঙ্গন তীব্র রুপ নিয়েছে।

গত কয়েক দিনে এসকল নদীর ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে আটশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

জেলার চিলমাড়ি উপজেলার পুটিমারী কাজলভাঙ্গা এলাকায় বাঁধের ৫’শ মিটার এলাকাচুড়ে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। ব্রহ্মপুত্রের ভাঙ্গনে ইতিমধ্যে বাঁধের ২০ মিটার অংশ বিলীন হয়ে গেছে। বাঁধটি ভেঙ্গে গেলে চিলমারীর থানাহাট, রানীগঞ্জ ও রমনা ইউনিয়ন পুরোপুরি পানির নীচে তলিয়ে যাবে। অন্যদিকে ধরলা নদীর বুমকা এলাকায় বাঁধের দুই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙ্গন তীব্র আকার নিয়েছে। অব্যহত ভাঙ্গনের কারণে হুমকির মুখে পড়েছে শত কোটি টাকা মূল্যের বাঁধ রেগুলেটর, সুইচগেট, ইউপি ভবন, স্কুল ভবন, হাট, জনপদ ও হাজার হাজার আবাদী জমি।

এদিকে ভাঙ্গন রোধে এখন পর্যন্ত কোন ব্যাবস্থা গ্রহণ না করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।