৩৫ বছর ধরে লাল ফিতায় বন্দি সম্ভাবনাময় চিলাহাটী স্থলবন্দর বাস্তবায়নের ফাইল
সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থাসহ সকল অবকাঠামোগত সুবিধা থাকা সত্ত্বেও ৩৫ বছর ধরে লালফিতায় বন্দি চিলাহাটী স্থলবন্দরের ফাইলটি। নৌ পহিবহন মন্ত্রীর ঘোষণা, বানিজ্য উপদেষ্টা ও বানিজ্য সচিবের আশ্বাসের পরও চিলাহাটী স্থলবন্দর প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
পশ্চাদপদ নীলফামারী জেলার ডোমার উপজেলা সদর থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে চিলাহাটী দেশ বিভাগের আগে থেকেই ব্যবসা বানিজ্যের কেন্দ্রবিন্দু ছিলো। সে কারণে ষাটের দশকের গোড়ার দিকে গঠিত বৃহত্তর রংপুরের মার্চেন্ট সমিতির দপ্তর ছিলো এখানে।
গোটা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও চিলাহাটী পিছিয়ে নেই। সড়ক ও রেলপথে দেশের যে কোন প্রান্ত থেকে অনায়াসেই চিলাহাটী যাতায়াত করা যায়। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের আগ পর্যন্ত ভারতের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ সচল ছিলো। এ কারণে এখানে স্থাপন করা হয়েছিল চেকপোস্ট ও ইমিগ্রেশন অফিস।
চিলাহাটী থেকে ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হলেও পড়ে আছে অবকাঠামো। ভারত-বাংলাদেশ রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৭ সালের শেষ দিকে চিলাহাটী থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা পূন:স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ অংশে আট দশমিক ১০ কিলোমিটার রেল লাইন স্থাপনের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও ৯ বছরেও এ অর্থের হদিস মেলেনি।
নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র নেতৃবৃন্দ জানান, এই জেলায় কমপক্ষে দু’শ আমদানি ও রপ্তানিকারক রয়েছেন। তারা এলসি’র মাধ্যমে দর্শনা, সোনা মসজিদ, বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে অধিক খরচ করে ভারতে পণ্য আমদানি-রপ্তানি করছে। চিলাহাটী স্থলবন্দর চালু হলে আমদানি-রপ্তানির ক্ষেত্রে ৩৫ থেকে ৪০ শতাংশ পরিবহন খরচ সাশ্রয় হবে ।
নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র নেতৃবৃন্দ বলেন, নীলফামারী চেম্বারের একটি প্রতিনিধি দল গত বছরের মার্চ মাসে বাণিজ্য সচিব সোহেল আহমেদ এবং জানুয়ারী মাসে বাণিজ্য উপদেষ্টা বরকতুল্লাহ বুলুর সঙ্গে সাক্ষাৎ করলে তারা উত্তরাঞ্চলে ব্যবসা - বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়নের স্বার্থে দ্রুত চিলাহাটী স্থলবন্দর প্রতিষ্ঠার আশ্বাস দেন।
নীলফামারী চেম্বার সভাপতি সোহেল পারভেজ জানান, স্থলবন্দর কর্তৃপক্ষের নির্দেশে নীলফামারী জেলা প্রশাসক চিলাহাটীতে স্থলবন্দর প্রতিষ্ঠার জন্য ২০০৩ সালের ১২ মে একটি পুর্ণাঙ্গ প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেন। স্থলবন্দর কর্তৃপক্ষ একই বছর ২৪ জুন স্থবক/প্রশাসন/চিলাহাটী/১০৯/২০০৩-৬২১ স্মারকে একটি পুর্নাঙ্গ প্রতিবেদন নৌ পরিবহন মন্ত্রণালয়ে জমা দেন । কিন্তু এর পর থেকে আর কোনো অগ্রগতি নেই, প্রতিবেদনটি ফাইল আকারে এখনো লাল ফিতায় বন্দি।
