গার্মেন্টস শিল্প রক্ষায় সকলের প্রতি সরকারের আহ্বান
দেশের গার্মেন্টস শিল্প রক্ষায় এ খাতে বিরাজমান অস্থিরতা কাটাতে সরকার এ শিল্পের শ্রমিক, মালিকসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছে। এক সরকারি তথ্য বিবরণীতে রোববার এ আহ্বান জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, বিগত কয়েকদিন ধরে গার্মেন্টস কারখানাগুলোতে অস্থিরতা বিরাজ করছে এবং ইতোমধ্যে কিছু কারখানায় অগ্নিসংযোগ ও ভাংচুর করে ক্ষতিসাধন করা হয়েছে। যে কোনো শিল্পে মালিক ও শ্রমিকদের মধ্যে দাবি আদায়ের জন্যে দরকষাকষি এবং প্রয়োজনে আন্দোলন হওয়াই স্বাভাবিক। কিন্তু শ্রমিক আন্দোলনের নামে কল কারখানা ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তথ্য বিবরণীতে আরো বলা হয়, ইতোমধ্যে মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক করে একটি চুক্তি সম্পাদন হয়েছে। ওই চুক্তি বাস্তবায়নের জন্যে সরকার কাজ শুরু করেছে। ইতোমধ্যে শ্রমিকদের নিুতম মুজুরি নির্ধারণের জন্যে একটি কমিটি কাজ শুরু করেছে এবং অন্যান্য নায্য দাবি দাওয়ার ব্যাপারেও আলোচনা চলছে।
এতে বলা হয়, সরকার আশা করেছিলো, রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্যে সরকার, মালিক ও শ্রমিকপক্ষ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে, ঢাকা ইপিজেড এলাকায় নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ কারণে বিদেশি মালিকরা মিল বন্ধের ঘোষণা দিয়েছে।
এতে আরো বলা হয়, সরকার শ্রমিকদের নায্য দাবির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। মিল মালিকদের কারখানার নিরাপত্তার ব্যাপারেও সরকার সম্পূর্ণ সচেতন।
তথবিবরণীতে ঢাকা ইপিজেড এলাকায় শ্রমিক ও মালিকদের মাঝে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ইপিজেড--এর কিছু কর্মকর্তা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলেও উল্লেখ করা হয়।
এ অবস্থায় সরকার ঢাকা ইপিজেড--এর জিএম কামাল, সিকিউরিটি অফিসার রেজাউল করিম, এবং শিল্প সম্পর্ক বিষয়ক কর্মকর্তা কেএম আহসান উল্লাহকে দায়িত্বে অবহেলার জন্যে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বলে ওই তথ্য বিবরণীতে জানানো হয়।
এতে আরো বলা হয়, ইপিজেড--এর ঘটনাবলীর সার্বিক বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্যে সরকার স্থানীয় সরকার বিভাগের সচিব এসএম জহিরুল ইসলামের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এতে বলা হয়, গার্মেন্টস শিল্প আমাদের একটি রপ্তানিমুখী খাত। এ খাতে দেশের রপ্তানি আয়ের ৭৬ শতাংশ অর্জন হয়। এখানে কাজও করে লাখ লাখ শ্রমিক। এ শিল্প বন্ধ হলে দেশের ব্যাপক অর্থনৈতিক ক্ষতিসহ লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে।
তথ্যবিবরণীতে আরো বলা হয়, দেশী ও বিদেশি একটি মহল এ শিল্পকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে।
এ অবস্থায় জাতীয় স্বার্থে এ শিল্পকে রক্ষা এবং রপ্তানির ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে গার্মেন্টস শিল্পের শ্রমিক, মালিক এবং জনগণকে সার্বিক সহযোগিতার জন্যে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
