২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের কিংডম গ্রুপের কাছে বিক্রি হচ্ছে না সোনারগাঁও হোটেল: সরকারের সিদ্ধান্ত

সরকার এ মুহূর্তে সৌদি আরবের কিংডম গ্রুপের কাছে রাজধানীর পাঁচ তারকা বিশিষ্ট সোনারগাঁও হোটেল বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 10:14 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার তার কার্যালয়ে সফররত কিংডম গ্রুপের সহসভাপতির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, এ অধ্যায়টি (হোটেল বিক্রি) শেষ হয়েছে। আমাদের সিদ্ধান্ত আমরা কিংডম গ্রুপকে জানিয়ে দিয়েছি।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তাদেরকে চট্টগ্রামের হোটেল সৈকত বিক্রি অথবা কক্সবাজারসহ অন্য কোথাও নতুন কোনো হোটেল বা অন্য কোনো অবকাশযাপন কেন্দ্র নির্মাণ করার প্রস্তাব দিয়েছি।

তবে বিমান প্রতিমন্ত্রী বলেছেন, কিংডম গ্রুপ বাংলাদেশে নতুন কোনো হোটেল স্থাপন করতে চায় না। তার পরিবর্তে তারা হোটেল কিনতে চায়। 

এ ব্যাপারে কিংডম গ্রুপের সহসভাপতি নাইকোস হ্যাডজস বলেন, অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার কোনো পরিকল্পনা আমাদের নেই।

কিংডম গ্রুপের মালিক প্রিন্স তালাল গত বছর সোনারগাঁও হোটেল কিনতে বাংলাদেশ সরকারকে প্রস্তাব দেন।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলটি ২৫ বছরেরও বেশি সময় ধরে প্যান প্যাসিফিক গ্রুপ পরিচালনা করছে।

মন্ত্রিপরিষদের এক বৈঠকে সরকার হোটেলের লাভের পরিমাণের দিকটা বিবেচনা করে এ মুহূর্তে হোটেলটি বিক্রি না করার সিদ্ধান্ত নেয়।

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৮১ সালে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে হোটেলটি এখন পর্যন্ত সরকারকে ৫১৬ কোটি টাকা কর দিয়েছে। এই সময়ে হোটেলটির মোট লাভের পরিমাণ ১১০ কোটি টাকা।     

বিমান প্রতিমন্ত্রী বলেন, প্যান প্যাসিফিক গ্রুপ খুব ভালোভাবেই হোটেল পরিচালনা করছে। অন্য কারো কাছে এটি হস্তান্তর করার কোনো কারণ নেই।

প্রতিমন্ত্রী বলেন, গত অর্থবছরে হোটেলটির মোট লাভ হয়েছিল ২০ কোটি টাকা।

তিনি বলেন, নতুন হোটেল স্থাপন অথবা চট্টগ্রামের হোটেল সৈকত ক্রয় করার প্রস্তাব আমরা তাকে দিয়েছিলাম। সরকার তাদেরকে ভূমির যোগানসহ সবধরনের সহযোগিতা করবে বলে আমি তাদেরকে বলেছিলাম।

তিনি বলেন, প্রিন্স তালালের সাথে আলোচনা করে কিংডম গ্রুপ তাদের সিদ্ধান্ত আমাদের জানাবে।

বাংলাদেশ সরকার ও প্যান প্যাসিফিক গ্রুপের মধ্যে স্বাক্ষরিত সোনারগাঁও হোটেল ব্যবস্থাপনা পরিচালনা সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী বছরের জুনে শেষ হয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্যান প্যাসিফিক গ্রুপ ইতোমধ্যে আমাদের বলেছে। কিন্তু বোর্ড সভায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।

জাপানের ওভারসিস ইকোনোমিক কো অপারেশন ফান্ডের কাছ থেকে ঋণ হিসেবে পাওয়া ৩৩ দশমিক ৮৭ কোটি টাকা খরচ করে ১৯৮১ সালে সোনারগাঁও হোটেল নির্মাণ করা হয়।