২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন প্রণেতাদের কেবল বাজেট পাসের ‘সীল’ হিসেবে ব্যবহার করা হয়: সেমিনারে বক্তারা

বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় কোনও পর্যায়ে সাংসদের কোনও ভূমিকাই নেই। সরকারের বাৎসরিক ব্যয় অনুমোদনের ক্ষেত্রে তাদের কেবল ‘অনুমোদিত সীল’ হিসেবেই ব্যবহার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার ‘সরকারি সেবা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ চাই’ শীর্ষক বাজেট পূর্ববর্তী এক আলোচনাসভায় ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী দলের সাংসদরা এ অভিমত ব্যক্ত করেন। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এ আলোচনাসভার আয়োজন করে।

ক্ষমতাসীন বিএনপির সাংসদ লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান, আওয়ামী লীগ সাংসদ রহমত আলী, ফারুক খান এবং একেএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির সাংসদ জিএম কাদের, জামায়াতের সাংসদ মাওলানা আব্দুস সোবহান, সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফসহ অনেকে এ আলোচনায় অংশ নেন। আলোচনার সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন ড. তোফায়েল আহমেদ।

বক্তরা বলেন, সংসদের অনুমোদন না নিয়েই বিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ (এসআরও) জারি করে অনুমোদিত বাজেটে সংযোজন ও বিয়োজনের মাধ্যমে পরিবর্তন এনে প্রত্যেক সরকার সংবিধান লঙ্ঘন করছে।

তারা সংসদদের সমর্থন লাভের জন্য বাজেট পাসের কমপক্ষে তিন মাস আগে প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন এবং একটি আইন প্রণয়ন ও বাজেট গবেষণা পরিষদ গঠনের ব্যাপারে আহ্বান জানান।

সাংসদ মাহবুবুর রহমান বলেন, আসন্ন বাজেটের ব্যাপারে তার কোনও ধারণা নেই। এ ব্যাপারে যা জানার জানেন শুধু প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী।

জাতীয় সংসদের অনুমতি না নিয়ে বর্তমান অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১৩ প্রকল্প সংযোজন এবং ১৮ প্রকল্প বিয়োজনের কথা উল্লেখ করে সাংসদ জাহাঙ্গীর হোসেন বলেন, এটি স্পষ্টতই সংবিধান লঙ্ঘন এবং আইনপ্রনেতাদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন।

তিনি বলেন, আগামী বাজেট কেমন হবে সে ব্যাপারে মন্ত্রীরাও ৮ জুনের আগে কিছু বলতে পারেন না।

অর্থ ও বাজেট প্রণয়নের ক্ষেত্রে, বিশেষ করে সংশোধিত এডিপি'র ক্ষেত্রে,  শৃঙ্খলা বলতে কিছু নেই বলেও উপস্থিত সাংসদরা অভিযোগ করেন।

যেখানে নয় মাসে এডিপি’র ৪৫ শতাংশ সম্পাদিত হয় সেখানে মাত্র তিন মাসে এডিপি’র ৫৫ শতাংশ বাস্তবায়ন কী করে সম্ভব সে ব্যাপারেও বক্তারা প্রশ্ন তুলেন।

সাংসদ রহমত আলী ১৫ বছরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাজেটের থোক বরাদ্দ একটা বিতরণ বরাদ্দ। এটি শুধু ব্যক্তি ও দলের স্বার্থেই ব্যবহৃত হয়ে থাকে।

জাতীয় পার্টির সাংসদ জিএম কাদের বলেন, সরকার বিশ্ব ব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়ার জন্যই দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) প্রণয়ন করেছে। পিআরএসপি’র প্রতি তাদের কোনও রাজনৈতিক অঙ্গীকার নেই। জাতীয় সংসদে আলোচনার জন্য পিআরএসপি উপস্থাপন করা হয়নি বলেও তিনি জানান।

আলোচনার সমন্বয়কারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ স্থানীয় সরকারের আলাদা বাজেট প্রণয়নের প্রস্তাব রাখেন।

তিনি বলেন, সরকার গত ২০০৪ - ০৫ অর্থবছরে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য চার হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও ইউনিয়ন পরিষদ পরিষদ এ থেকে মাত্র চার শ’ কোটি টাকা পায়।