এক দশকে ঢাকায় বস্তিবাসীর সংখ্যা দ্বিগুন হয়েছে
গত এক দশকে ঢাকায় বস্তিবাসীর সংখ্যা দ্বিগুন হয়েছে। ১৯৯৬ সালে যেখানে বস্তিবাসীর সংখ্যা ছিলো ১৫ লাখ ২০০৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪০ হাজারে। সম্প্রতি এক জরিপে এ তথ্য জানা যায়।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত তিন লাখ ৪০ হাজার বস্তিবাসীর মধ্যে আড়াই লাখই সিটি করপোরেশন এলাকার মধ্যে বসবাস করে।
রাজধানীর এলজিইডি ভবনে রোববার ‘বাংলাদেশে নগর বস্তি: মানচিত্রায়ন ও জরিপ ২০০৫’ শীর্ষক সেমিনারে নগর গবেষণা কেন্দ্রের (সিইউএস) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে বস্তির সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। গত পাঁচ বছরে দেশে পাঁচ ভাগ গড় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ধনী ও দরিদ্রদের মধ্যে বৈষম্য বাড়ার কারণেই বস্তির সংখ্যা বাড়ছে।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালে এই সমীক্ষা কাজ চালায় সিইউএস, ন্যাশনাল ইন্সটিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (নিপোর্ট), নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের মেজার্স ইভাল্যুয়েশন অব ক্যারোলিনা পপুলেশন সেন্টার।
অধ্যাপক নজরুল বলেন, ঢাকা শহরের সব খানেই বস্তি। প্রতি বর্গ কিলোমিটারে বস্তিবাসী জনসংখ্যার ঘনত্ব ৮৯১ জন।
তিনি পূর্বের সমীক্ষার উল্লেখ করে বলেন, ১৯৯৬ সালে বস্তির সংখ্যা ছিলো ৩০০৭টি এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৬৬টি।
তিনি বলেন, অর্থ ও শ্রেণী বৈষম্য বাড়ার ফলেই শহরে বস্তিবাসীর সংখ্যা বেড়েছে।
সমীক্ষায় বলা হয়, কামরাঙ্গীর চর এলাকার বস্তিতে সবচেয়ে বেশি লোক বাস করে। এ সংখ্যা দুই লাখ ৭৫ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছে মহাখালীর করাইল বস্তি। এখানে এক লাখেরও বেশি লোক বাস করে।
