২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক গোয়েন্দা ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংককে কারিগরি সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের সক্ষমতা বৃদ্ধি ও অর্থ পাচার রোধ কার্যক্রম জোরদার করতে কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সন্ত্রাসী অর্থায়ন ও আর্থিক অপরাধ বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক এম ও’ব্রায়েন বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদের সাথে বৈঠকে তার সরকারের আগ্রহের কথা প্রকাশ করেন।

বাংলাদেশে সন্ত্রাসীদের অর্থায়ন ও অর্থসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে পদক্ষেপ নিতে মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় ব্যাংককের প্রশংসা করেন।

প্যাট্রিক ও’ব্রায়েন বলেন, অর্থ পাচার কার্যক্রম রোধ করতে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করি।

সন্ত্রাসীদের অর্থায়ন ও অর্থসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে সরকারের তৎপরতা দেখতে বুধবার তিনি বাংলাদেশ সফরে এসেছেন।

মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের পদক্ষেপের ব্যাপারে তারা (যুক্তরাষ্ট্র) সন্তোষ প্রকাশ করেছে।

গভর্নর বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের সক্ষমতা বৃদ্ধিসহ অর্থ পাচার রোধ কার্যক্রম জোরদার করতে কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, খসড়া অর্থ পাচার রোধ আইন পাসের ব্যাপারে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। কেন্দ্রীয় ব্যাংক গত বছর আইনের খসড়া পাসের জন্যে সরকারের কাছে পাঠিয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংককের গভর্নর বলেন, অর্থ পাচার রোধ আইনের ব্যাপারে মার্কিন কর্মকর্তা তাদেরকে কোনো পরামর্শ দেননি।

তিনি বলেন, বাংলাদেশের অর্থ পাচার রোধ কার্যক্রমের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র অবগত নয়।

বাংলাদেশ ব্যাংককের গভর্নরের সাথে বৃহস্পতিবার বৈঠকের পাশাপাশি মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী একইদিনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথেও সাক্ষাৎ করেছেন।

এদিকে ঢাকাস্থ আমেরিকান সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানিয়েছে, মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রীর ১৭--১৮ মে’র ঢাকা সফরকালে সন্ত্রাসীদের অর্থায়ন ও অর্থ পাচার ইস্যু নিয়ে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে।

আলোচনা গঠনমূলক ছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, দুই পক্ষ সন্ত্রাসীদের অর্থায়ন ও অর্থ পাচার রোধে আইনি কাঠামো জোরদার করতে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছে।

সন্ত্রাসবাদ মোকাবিলায় ও সন্ত্রাসীরা বাংলাদেশকে যেন ভেন্যু হিসেবে ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে যে সহযোগিতা দিয়ে যাচ্ছে, তারই অংশ হিসেবে দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।