৪ দিনব্যাপী টেক্সবাংলা প্রদর্শনী বৃহস্পতিবার শুরু হচ্ছে
দেশে উৎপাদিত বস্ত্র প্রদর্শনের লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) আয়োজিত চার দিনব্যাপী টেক্সবাংলা ২০০৬ প্রদর্শনী ১৮ মে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
সংগঠনের সভাপতি এমএ আওয়াল মঙ্গলবার বিটিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। সম্মেলনে সংগঠনের সহসভাপতি জাহাঙ্গীর আলামিন, এম জামাল উদ্দিন এবং দিদার হোসেন উপস্থিত ছিলেন।
প্রাথমিক বস্ত্র খাতেই কেবল টেক্সবাংলা প্রদর্শনী সীমাবদ্ধ থাকবে। আগামী ১৮ থেকে ২১ মে পর্যন্ত চার দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্য মন্ত্রী এম হাফিজ উদ্দিন আহমেদ এবং জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এমএ আওয়াল বলেন, এবারের টেক্সবাংলা প্রদর্শনীর মূল প্রতিবাদ্য হচ্ছে প্রাথমিক বস্ত্র খাতের স্বর্ণযুগ।
এবারের টেক্সবাংলা স্পন্সর করছে ২৯টি কোম্পানি এবং ৫২টি স্টলে ৩৯টি কোম্পানির পণ্য এতে প্রদর্শন করা হবে।
প্রদর্শনী চলাকালে ‘বস্ত্র ও পোশাক: বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
