২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ দিনের ধর্মঘটে শাকসব্জি রপ্তানিতে লোকসান ১৬ লাখ মার্কিন ডলার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বার বার কার্গো চার্জ বৃদ্ধির প্রতিবাদে ডাকা আট দিনের ধর্মঘটের ফলে শাকসব্জি রপ্তানিতে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ মার্কিন ডলার। শাকসব্জি ও ফলমূল রপ্তানিকারকরা সোমবার এ তথ্য জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 05:08 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ফলমূল, শাকসব্জি এবং এ জাতীয় পণ্য রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদ বাণিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের সাথে এক বৈঠক শেষে বলেন, বিমান ২০০৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত নয়বার কার্গো ভাড়া বাড়িয়েছে। এ অবস্থায় আমাদের ধর্মঘট ডাকা ছাড়া বিকল্প কিছু ছিল না।

তিনি বলেন, এ মৌসুমে প্রতিদিন প্রায় একশ’ মেট্রিক টন করে শাকসব্জি রপ্তানি হয়েছে, যার মূল্য দুই লাখ ডলার। আট দিনে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ডলার।

তিনি আরো বলেন, জানুয়ারি থেকে এ পর্যন্ত শাকসব্জি পরিবহনে বিমানের ভাড়া বেড়েছে ৪০ শতাংশ।

তিনি বলেন, মার্চ পর্যন্ত বর্ধিত ভাড়া আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে বিমান এপ্রিলেই দুইবার ভাড়া বাড়িয়েছে।

কার্গো ভাড়া বাড়ানোর ফলে সমিতি ১ মে থেকে ধর্মঘটের ডাক দেয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, শাকসব্জি রপ্তানির মাধ্যমে দেশের বাৎসরিক আয় দাঁড়ায় ছয়শ’ কোটি টাকা। তিনি বিষয়টি নিয়ে বিমান কর্র্তপক্ষের সাথে আলোচনা করেছেন বলেও জানান।

রপ্তানিকারকদের শাকসব্জি প্যাকেটজাতকরণের ক্ষেত্রে উন্নয়ন সাধন করা উচিত বলে মন্ত্রী জানান। এতে করে তারা তাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে অন্যান্য এয়ারলাইন্স ব্যবহারের সুবিধা নিতে পারবেন।

সমিতির সভাপতি বলেন, পচনশীল দ্রব্য রপ্তানিতে কার্গো চার্জ বাড়ানোর ব্যাপারে হাইকোর্ট দুই মাসের জন্যে স্থগিতাদেশ দিয়েছে। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছেন বলে তিনি জানান।

বিমানের ‘ইচ্ছামাফিক ও অন্যায্য’ কার্গো চার্জ বৃদ্ধির ব্যাপারে রোববার হাইকোর্টের এক আদেশে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

বর্তমানে শাকসব্জি, ফলমূল এবং এ জাতীয় পণ্য বিশ্বের ১৮টি দেশে রপ্তানি হচ্ছে। শুধু সব্জি রপ্তানির জন্যে বিমান কার্গো ফ্লাইট চালু করলে রপ্তানি আরো বৃদ্ধি পেতে পারে বলে সমিতির সভাপতি জানান।