নারী উদ্যোগ কেন্দ্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে বিকেএমইএ
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) শনিবার নারী উদ্যোগ কেন্দ্রের (এনইউকে) সাম্প্রতিক কালের সংবাদ সম্মেলনের বিষয়ে দুঃখপ্রকাশ করে বলেছে, এনইউকে বিকেএমইএ’র সাথে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করেছে।
বাংলাদেশের ৭০ ভাগ নিটওয়্যার কারখানা বাধ্যবাধকতা অনুসরণ করে না বলে এনইউকের পক্ষ থেকে ২৬ এপ্রিল আয়োজিত সংবাদ সম্মেলনে যে অভিযোগ করা হয়, তার প্রেক্ষিতে বিকেএমইএ শনিবার এই বিবৃতি দিলো।
বিকেএমইএ সভাপতি মুহাম্মদ ফজলুল হক ২০০৫ সালের ৩০ অক্টোবর বিকেএমইএ এবং এনইউকের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির উল্লেখ করে শনিবার বিডিনিউজকে বলেন, আমরা আসলেই মর্মাহত। আমাদেরকে না জানিয়ে অডিট রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করে এনইউকে আমাদের সাথে তাদের স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করেছে।
তিনি বলেন, বস্তুত এনইউকে যে তথ্য উপস্থাপন করেছে তাতে একটি কাহিনীর ভালো দিকটাই আমাদের বলা হয়েছে। অনেক কারখানাই বাধ্যবাধকতা মেনে চলছে বলে তারা বলেছে। কিন্তু তথ্যের অভাবের কারণে মনে করা হতো যে এ কারখানাগুলো বাধ্যবাধকতা অনুসরন করে না।
বিকেএমইএ সভাপতি বলেন, ইতোমধ্যে তারা এ ব্যাপারে এনইউকের কাছে ব্যাখা চেয়ে পাঠিয়েছেন। তাদের ব্যাখ্যা পাওয়ার পর সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
বর্তমানে বিকেএমইএ’র সদস্য হিসেবে প্রায় একহাজার নিটওয়্যার কারখানা তাদের কার্যক্রম পরিচালনা করছে।
