ভারতীয় চোরাই হীরা এ দেশের ১০০ কোটি টাকার বাজার দখল করেছে
ভারতীয় চোরাই হীরা বাংলাদেশের প্রায় ১০০ কোটি টাকার বাজার দখল করে ফেলেছে। অনুসন্ধানে জানা যায়, হীরার আমদানী শুল্কের হার অন্যান্য দেশের চেয়ে এ দেশে অনেক বেশি হওয়াই এর নেপথ্য কারণ।
সূত্র মতে, হীরার গহনার প্রতি ঐতিহ্যগতভাবে এ দেশের নারীদের রয়েছে বিশেষ আকর্ষণ। এ কারণে দিন দিন এর বাজার চাহিদা বাড়ছে। কিন্তু বৈধপন্থায় আনা হীরার বিষয়েও রয়েছে সরকারের সন্দেহভাজন দৃষ্টি। এ কারণে প্রশাসনিক হয়রানী বাড়ছে বলেও ব্যবসায়ীদের অভিযোগ।
সূত্র জানায়, দুবছর আগে সরকার প্রথমবারের মতো বৈধ পন্থায় এ দেশে হীরা আমদানীর অনুমতি দেয়। তবে এর আমদানী শুল্ক হার ছিলো উচ্চ মাত্রার (৬৩ শতাংশ)। পরে ব্যবসায়ীদের দাবি মেনে এই হার ৩৬ শতাংশে কমিয়ে আনা হয়।
প্রতিবেশী দেশ ভারত বিশ্বের ৯৩ শতাংশ হীরার বাজার নিয়ন্ত্রণ করে। ভারতসহ অন্যান্য দেশে হীরার আমদানি শুল্ক অনেক কম। এ কারণে ভারতীয় চোরাই হীরা এদেশের বাজারে ঢুকে পড়ে চড়া মূল্যে বিকাচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, এসবই সম্ভব হচ্ছে সরকারের সুষ্ঠু নীতির অভাবে। সুদূর প্রসারী পরিকল্পনা ও সরকারি সহযোগিতা থাকলে এ দেশের ১০০ কেটি টাকার হীরার বাজার এক হাজার কেটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
জুয়েলারি সমিতির সভাপতি ও চন্দ্রিমা জুয়েলার্স’র স্বত্তাধিকারী এমএ ওয়াদুদ খান বিডিনিউজকে জানান, তাদের দাবি, অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও হীরার অযৌক্তিক আমদানির শুল্ক বন্ধ করা।
তিনি বলেন, অন্যথায় সম্ভামনাময় এ শিল্পের পুরোটাই দখল হয়ে যেতে পারে চোরা বাজারিদের কাছে।
