নীলফামারীতে মরিচের উৎপাদন ভালো না হলেও কৃষকরা ভালো দাম পাচ্ছে
দেশের অন্যতম মরিচ উৎপাদনকারী জেলা নীলফামারীতে এবার মরিচের উৎপাদন ভালো না হলেও চাহিদা বেশি থাকায় কৃষকরা তুলনামূলক ভালো দাম পাচ্ছে।
কৃষকরা জানান, গত বছর উৎপাদন ভালো হলেও ভালো দাম না পাওয়ায় এ বছর তারা ২ হাজার ২৫০ হেক্টর জমিতে মরিচ আবাদ করেছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২০ হেক্টর কম।
উৎপাদন কম বলে চাহিদা বেশি হওয়ায় এবার তারা ৫ থেকে ৬শ’ টাকা মণ দরে কাঁচা মরিচ বিক্রি করতে পেরে খুশি।
ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকার কৃষক লুৎফর রহমান বিডিনিউজকে জানান, গত বছর মরিচের দাম কম পাওয়ায় এবার অনেক কৃষক মরিচ আবাদ কমিয়ে দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম সাখাওয়াৎ হোসেন বিডিনিউজকে জানান, গত চার মাস ধরে বৃষ্টি না হওয়ায় হেক্টর প্রতি এবার গড়ে দেড় মেট্রিক টন করে কম মরিচ পেয়েছে কৃষকরা।
কৃষকরা জানান, ডোমার ও ডিমলা উপজেলায় উৎপাদিত মরিচ প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।
দেশের বিভিন্ন অঞ্চলে এবার মরিচের আবাদ ভালো না হওয়ায় ডোমার-ডিমলার মরিচ বাজারগুলোতে দেশের অন্যান্য অঞ্চলের পাইকারদের আনাগোনা একটু বেশি।
