২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া এনার্জির ফুলবাড়ি কয়লা প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে ২১ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সুবিধা দেবে: অর্থনৈতিক মূল্যায়ন প্রতিবেদন

ফুলবাড়ি কয়লা প্রকল্পের ৩০ বছর সময়সীমায় বাংলাদেশের অর্থনীতিতে ২১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের অধিক অর্থনৈতিক সুবিধা যোগ হবে। প্রকল্পটি জিডিপিতে ১ শতাংশ যোগও করবে বলে রোববার প্রকাশিত নতুন এক সমীক্ষা প্রতিবেদনে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 03:53 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

আন্তর্জাতিকভাবে স্বনামধন্য প্রফেশনাল সার্ভিসেস কোম্পানী জিএইচডির তৈরী এ প্রতিবেদনে বলা হয়, “এই কয়লা প্রকল্পের ৩০ বছরের সময়সীমায় বাংলাদেশের জিডিপিতে সরাসরি অর্থনৈতিক সুবিধা হবে ৭ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার এবং আনুষাঙ্গিক সুবিধা হবে ১৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার যা সমষ্টিগত ভাবে জিডিপিতে ২১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার যোগ করবে।”

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়: এই খনি ও বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নের মাধ্যমে জিডিপি শতকরা ১ ভাগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বার্ষিক জিডিপি বৃদ্ধি পাবে গড়ে দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।

জিএইচডি বড় অবকাঠামোগত প্রকল্পের মূল্যায়নের কাজ করে থাকে এবং তাদের এ ধরণের কাজের বিস্তর অভিজ্ঞতা রয়েছে ।

এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) পিটিওয়াই লিমিটেডের পক্ষে জিএইচডি এই খনি প্রকল্পটির অর্থনৈতিক সুবিধাদি মূল্যায়ন করে এই প্রতিবেদন তৈরি করে। এশিয়া এনার্জি উন্মুক্ত পদ্ধতিতে বার্ষিক ১৫ মিলিয়ন টন কয়লা উত্তোলনের জন্য ফুলবাড়ি কয়লাখনি উন্নয়ন ও ৫০০ মেগাওয়াট কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ করছে। খনি মুখের বিদ্যুৎ কেন্দ্রটিকে ১,০০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রকল্প চলাকালীন এশিয়া এনার্জি কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং আরো ১০ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার প্রকল্প পরিচালনা ব্যয় হবে। বাংলাদেশ সরকার এ প্রকল্প থেকে সরাসরি ৭ বিলিয়ন মার্কিন ডলারের অধিক পরিমাণ আর্থিক সুবিধাদি ভোগ করবে।

জিএইচডির প্রতিবেদনটিতে ধারণা করা হয়েছে, “২০১৫ সালের মধ্যে বাংলাদেশের মোট জ্বালানি সরবরাহে শতকরা ১০ ভাগ যুক্ত করে এই প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখবে। এর ফলে উৎপাদন ও ব্যবসায়িক বৃদ্ধির প্রভাব হবে খুবই গুরুত্বপূর্ন।”

জিএইচডির মতে এই ফলাফলে খনি থেকে প্রাপ্ত মূল্যবান সহ - সম্পদের মাধ্যমে গড়ে উঠা শিল্পকে অন্তর্ভূক্ত করা হলেও ভারত থেকে আমদানিকৃত কয়লার বিকল্প হিসেবে স্থানীয় কয়লা ব্যবহারের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সাশ্রয়কে অন্তর্ভুক্ত করা হয়নি। এই বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের পরিমাণ হবে ৩ বিলিয়ন মার্কিন ডলার।

জিএইচডি মনে করে প্রকল্পে সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রতি একজনের বিপরীতে ৮ - ১০টি অতিরিক্ত কর্মসংস্থানের সৃষ্টি হবে । প্রকল্পের নির্মানকালীন সময়ে ২,১০০ জনের কর্মসংস্থান হবে আর খনি পুরোপুরি চালু হওয়ার পর প্রায় ১,২০০ লোকের চাকুরী হবে এবং আরো ৪৫০ জন খুলনায় পন্য উঠানামার কাজে নিয়োগ পাবে। অর্থাৎ মোট ১৬,৫০০ নতুন চাকুরির সৃষ্টি হবে।

এই প্রকল্পের মাধ্যমে রপ্তানির জন্য একটি শক্তিশালী অবকাঠামো তৈরীতে রেলপথ ও বন্দর উন্নয়নের জন্য মোট ৩১৪ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে।

জিএইচডির মতে, ফুলবাড়ির প্রকল্প এলাকায় ৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে যার মধ্যে ৩১০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে পুনর্বাসন ও ফুলবাড়ি শহর ও পার্শ্ববর্তী গ্রামগুলোর পুনঃস্থাপন কাজে। এছাড়াও স্থানীয় কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি ও খননকৃত এলাকা ভরাট করে পুনরায় কৃষিকাজ শুরুর কর্মসূচিও নেয়া হবে। তাছাড়া ১০০ কিলোমিটার দীর্ঘ পাইপ বসিয়ে খনি থেকে উত্তোলিত পানি নিকটবর্তী জমিগুলোতে দেয়া হবে।

বর্তমানে বাংলাদেশে একটি চুক্তির আলোকে কার্যক্রম পরিচালনাকারী এশিয়া এনার্জি ফুলবাড়ি কয়লাক্ষেত্রে অনুসন্ধানকাজ চালিয়ে ৫৭২ মিলিয়ন টন উচ্চমানসম্পন্ন থার্মাল ও সেমি - সফট কোকিং কয়লার মজুদ নিশ্চিত করেছে। চুক্তি অনুযায়ী কোম্পানিটি খনি উন্নয়ন পরিকল্পনা সরকারের কাছে জমা দিয়েছে এবং সরকারি অনুমোদনের অপেক্ষায় আছে। সরকার ইতিমধ্যে ২০০৫ সালের সেপ্টেম্বরে কোম্পানির খনি উন্নয়ন পরিকল্পনার পরিবেশগত ছাড়পত্র দিয়েছে।

এ বছরের শেষদিকে খনি উন্নয়নের প্রাথমিক বা খনন পূর্ববর্তী কর্মকান্ড শুরু হবে এবং ২০০৮ সালের শেষ দিকে প্রথম কয়লা উত্তোলন করা যাবে বলে আশা করা হচ্ছে। ২০১৩ সালের মধ্যে বার্ষিক উৎপাদন ১৫ মিলিয়ন টনে বৃদ্ধি করা হবে।