২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক আগামী চার বছরে বাংলাদেশকে ৩০০ কোটি ডলার সহায়তার পরিকল্পনা করেছে

বিশ্বব্যাংক ২০০৬-২০০৯  মেয়াদে বাংলাদেশের জন্য প্রায়  ৩০০ কোটি ডলার সহযোগিতা কর্মসূচি’র পরিকল্পনা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

ওয়াশিংটনে বুধবার বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড সভায় সুশাসনের উপর  সবিশেষ গুরুত্ব আরোপ করে বাংলাদেশের জন্য সহযোগিতা কৌশল নিয়ে অনুষ্ঠিত এক আলোচনায়  এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয় যে, দুর্বল এবং অবনতিশীল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন  করেছে।  এ  ব্যাপারে  বিশ্বব্যাংকের  দক্ষিণ  এশিয়া  অঞ্চলের  ভাইস-প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল বলেন,   “সুশাসনের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও ব্যর্থতা   দুই-ই রয়েছে এবং এজন্যই ‘সুশাসন’ এর প্রকৃতিকে উন্মোচিত করতে হবে”।

এ  প্রসঙ্গে  বিশ্বব্যাংকের  বাংলাদেশ  প্রতিনিধি ক্রিস্টিনা ওয়ালিক বলেন: “আমরা যে সব সেক্টরে

সহযোগিতা  প্রদান  করব, তার প্রতিটি ক্ষেত্রেই সুশাসন এর উপর জোর দেয়া হবে। বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট প্রকল্পে সেক্টরভিত্তিক সুশাসন ও সংস্কারের প্রতি আমরা সবিশেষ গুরুত্ব আরোপ করব।”

এশিয়ান  ডেভলপমেন্ট  ব্যাংক,  জাপান  সরকার ও যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিএফআইডি-র সাথে যথার্থভাবে বিশ্বব্যাংকের এই সহযোগিতা কৌশল তৈরী করা হয়েছে।

বিশ্বব্যাংক বিদ্যুৎ, পানি ও পয়ঃনিষ্কাশন, সড়ক, রেলওয়ে এবং নগর উন্নয়ন সংশ্লিষ্ট বাংলাদেশ সরকারের সুশাসনভিত্তিক সংস্থার কর্মসূচিতে এই তিন বিলিয়ন ডলার সহায়তা প্রদান ও বিনিয়োগ করবে। তাছাড়া শিল্প অঞ্চল গড়ে উঠার জন্য অবকাঠামো গঠনসহ  বস্ত্রখাতে ও গার্মেন্টস শিল্পের দক্ষতা বাড়ানোর সাথে সাথে বিনিয়োগ বোর্ড এবং রফতানী প্রক্রিয়া অঞ্চল কর্তৃপক্ষের দক্ষতা বৃদ্ধিতেও বিশ্বব্যাংক সহায়তা প্রদান করবে।

এই সহযোগিতা কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ এবং সামাজিক নিরাপত্তামূলক সুশাসনভিত্ত্কি কর্মসূচিতে ও সংস্থার কর্মকান্ডে সহায়তা প্রদান করা হবে। একই সাথে জনগণের অংশগ্রহণের মাধ্যমে কমিউনিটিভিত্তিক উন্নয়ন কর্মসূচি জবাবদিহিতা ও শাসনকে সুসংহত করবে।

তাছাড়া সুশাসনের মূল সেক্টরভিত্তিক সুশাসনকে শক্তিশালীকরণের বাইরেও ‘সুশাসন’ ভিত্তিক কিছু প্রতিষ্ঠান যেমন পাবলিক একাউন্টস কমিটি, বাংলাদেশ ব্যাংক, পাবলিক সার্ভিস কমিশন এবং সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন ইত্যাদির জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির প্রয়াস নেয়া হবে।

এ  ছাড়াও  সেক্টরভিত্তিক  সুশাসনের ক্ষেত্রে যেমন : সরকারী ক্রয়, সরকারী আর্থিক ব্যবস্থাপনা এবং বিচার বিভাগের সংস্কারের উপরও জোর দেয়া হবে বলে নির্বাহী পরিচালকরা তাদের কৌশল পত্রে উল্লেখ করেন।