বিজিএমইএ’র অগ্নি ও নিরাপত্তা বিষয়ক ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন
রপ্তানীমুখী তৈরি পোশাক শিল্পখাতে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে বিজিএমইএ’র গৃহীত অগ্নি ও নিরাপত্তা বিষয়ক ক্রাশ প্রোগ্রামের মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিজিএমইএ সভাপতি টিপু মুন্শি বলেন, পোশাক শিল্প বর্তমানে একটি নাজুক পরিস্থিতির সম্মুখীন। এ পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যেই বিজিএমইএ ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। এ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমুর্তি ফিরে আসবে বলে তিনি আশা করেন। তিনি ক্রাশ প্রোগ্রামের সফল বাস্তবায়নের জন্য সহযোগিতা প্রদানের বিষয়ে সকল পোশাক মালিকদের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি সালাম মুর্শেদী, সহ-সভাপতি (অর্থ) শাহাদাৎ হোসেন চৌধুরী (অরুন) এবং বিজিএমইএ’র ষ্ট্যান্ডিং কমিটি অন সেফটি সেলের চেয়ারম্যান আলী আজিম খান।
সম্প্রতি চট্টগ্রামে কেটিএস গার্মেন্টস কারখানায় অগ্নি দুর্ঘটনার পর বিজিএমইএ তার সদস্যভূক্ত সকল কারখানার অগ্নি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে মনিটরিং, অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে কারখানার মালিক-শ্রমিকদের মধ্যে সচেতনা সৃষ্টি এবং কারখানায় অগ্নি-মহড়া কর্মসূচি গ্রহণ করে।
