২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি খাতের উন্নয়নে সহযোগিতায় আগ্রহী জাপান

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাৎশুহিরো হোরিগুচি সোমবার বলেছেন, বেসরকারি খাতের উন্নয়ন তরান্বিত করতে তার সরকার বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ, অর্থনৈতিক অবকাঠামো এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

জাপান তার সহযোগিতা কৌশলের অংশ হিসেবে বিশ্বব্যাংক ও অন্যান্য দাতাসংস্থার বেসরকারি খাত উন্নয়ন কর্মসূচির সাথে সম্পৃক্ত হয়েছে।

চট্টগ্রাম চেম্বার আয়োজিত ‘বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন: জাপান বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাণিজ্য ও বিনিয়োগ জোরদারের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা উল্লেখ করে বলেন, এ অবস্থাকে কাটিয়ে উঠতে তার সরকার সহযোগিতা বাড়াতে প্রস্তুত।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী। প্রবন্ধে তিনি এক্ষেত্রে বিদ্যমান ৪০ টি বাধার কথা উল্লেখ করেন।

সেমিনারে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ( জেবিসিসিআই) সভাপতি মতিউর রহমান দু দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং বাংলাদেশের সম্ভবনাময় খাতগুলোকে বিনিয়োগের ব্যাপারে রাষ্ট্রদূতকে আহ্বান জানান।

জেবিসিসিআই সহসভাপতি হাইডিও উয়েনু বাংলাদেশের জাপানি বিনিয়োগের ওপর নির্মিত একটি চলচ্চিত্র উপস্থাপন করেন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভাইস চেয়ারম্যান একিউআই চৌধুরী সেমিনারে সভাপতিত্ব করেন।