গ্রামীণফোন গ্রাহকদের জন্য ডিজিটাল ডাটা এন্ট্রি বসুন্ধরা সিটি কার্যালয়ে শুরু হয়েছে
দেশের সর্ববৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন (জিপি) নতুন নিবন্ধন নিয়মের আওতায় শুক্রবার থেকে তার গ্রাহকদের জন্য রাজধানীর বসুন্ধরা সিটিতে প্রতিষ্ঠানটির নতুন অফিসে গ্রাহকদের জন্য ডিজিটাল ডাটা এন্ট্রি চালু করেছে।
গ্রাহকদের জন্য নিবন্ধন ফর্মের ডাটা এন্ট্রি ফরম পূরণ পান্থপথের বসুন্ধরা সিটিতে ৬০০ পিসি নিয়ে স্থাপিত গ্রামীণফোনের নতুন অফিসে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে।
নতুন নিয়মের আওতায় সফটওয়্যারের মাধ্যমে একজন গ্রাহকের ছবি ব্যতিরেকে নিবন্ধন ফর্মে উল্লেখিত সকল তথ্য প্রধান সার্ভারে সংরক্ষিত থাকবে।
পুরাতন গ্রাহকদের পুনর্নিবন্ধন কবে শুরু হবে জানতে চাওয়া হলে গ্রামীণফোনের তথ্য বিভাগের জেনারেল ম্যানেজার সৈয়দ ইয়ামিন বখত বলেন, বাংলাদেশ টেলিকমিউনিক্যাশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নির্দেশ মোতাবেক চলতি বছরের মে মাসের মধ্যেই যেহেতু পুনর্নিবন্ধন সমাপ্ত করতে হবে, তাই এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন গ্রাহকদের বিটিআরসি প্রণীত নতুন নিবন্ধন ফরম দেশের ৬১টি জেলার বিভিন্ন উপজেলার ৬০০ জিপি সার্ভিস ডেস্কে পূরণ করতে হবে।
ছয়টি বিভাগীয় শহরের আটটি কাস্টমার কেয়ার সেন্টার জিপি সার্ভিস ডেস্ক নিয়ন্ত্রণ করছে। তারা গ্রাহকদের সকল ফরম সংগ্রহ করে থাকে। সেখান থেকে চূড়ান্তভাবে সংরক্ষণের জন্য বসুন্ধরাস্থ গ্রামীণফোনের নতুন অফিসে পাঠানো হয়।
নিবন্ধন ফরমের প্রধান কপি গ্রামীণফোনের তেজগাঁওস্থ গুদামঘরে সংরক্ষণ করা হয়।
সূত্র জানায়, নতুন ও পুরাতন পঞ্চাশ লাখ গ্রাহকের ডাটা এন্ট্রির মতো বিশাল কাজ সম্পন্ন করার জন্য গ্রামীণফোন দেশের সর্ববৃহৎ শপিং মলের ৭ ফ্লোর ভাড়া নিয়েছে।
গ্রামীণফোনের ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ও কেবলমাত্র ২০০৫ সালেই ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের কথা উল্লেখ করে সূত্র জানায়, সারাদেশে গ্রামীণফোনের ১,৪০০ কর্মী রয়েছে।
২০০৪ সালের ডিসেম্বরে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ২৪ লাখ থাকলেও বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা দ্বিগুনেরও বেশি। আর টেলিকমিউনিক্যাশন্স বাজারের ৬০ শতাংশ তাদের নিয়ন্ত্রণে বলে ইয়ামিন বখত উল্লেখ করেন।
