২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৃতির বৈরী আচরণে চলতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন অনিশ্চিত

প্রকৃতির বৈরী আচরনের কারণে, চলতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে। দীর্ঘ দিনের অনাবৃষ্টির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে চা শিল্পের সাথে সংশ্লিষ্টরা জানিযেছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

তবে গত বছর চা উৎপাদন মৌসুমের শুরু থেকেই চা শিল্পে অনূকুল পরিবেশ থাকায় দেড়শো বছরের ইতিহাসে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫৯ দশমিক ৬১ মিলিয়ন কেজিতে দাঁড়িয়েছিলো।

চা বাগান ও চা শিল্পের সাথে সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের নভেম্বর মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চা বাগান এলাকার কোথাও বৃষ্টিপাত হয়নি। সাধারণত ফেব্র“য়ারির শেষ দিকে চা গাছের পাতা বাছাই এবং প্রক্রিয়াজাত কাজ শুরু হয়। কিন্তু বৃষ্টি না হওয়ায় চলতি বছর এই কাজ এখন পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি। কবে শুরু হবে তাও নিশ্চিত করে কেউ বলতে পারছে না।

চা বিজ্ঞানীরা জানান, চা মৌসুমে দীর্ঘ পাঁচ মাসের অনাবৃষ্টি একদিকে যেমন চা গাছের বৃদ্ধিকে ব্যাহত করছে, তেমনি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ার আশংকা সৃষ্টি করেছে।

সূত্র জানায়, গত বছর চা উৎপাদন মৌসুমের পুরো সময় চা শিল্পে অনূকুল পরিবেশ বিরাজ করায়, উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমান চা উৎপাদন হয়। গত বছর চা মৌসুমে চা শিল্প এলাকায় সুষম বৃষ্টিপাত, সূর্য রশ্মির সহজপ্রাপ্যতা ও তাপমাত্রা অনূকুল পরিবেশের সৃষ্টি করায়, চা শিল্পের দেড়শো বছরের ইতিহাসে রেকর্ড পরিমান ৫৯ দশমিক ৬১ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়।

চা বিজ্ঞানীদের মতে প্রকৃতির অস্বাভাবিক আচরণের ফলে মাটির আঁদ্রতা ও চা গাছের পানি ধারন ক্ষমতা মারাত্বকভাবে হ্রাস পায়। এর প্রভাবে চা বাগানের মাটিতে ফাটলের সৃষ্টি হয়। চা গাছ শুকিয়ে যেতে থাকে। যার ফলে আগা কেটে দেওয়া চা গাছে নতুন পাতা ও কুঁড়ির অংঙ্কুরন বন্ধ হয়ে যায়। এমনকি অনেক স্থানে চা গাছ শুকিয়ে মারা যেতে থাকে। এ অবস্থায় চা বাগানে ব্যাপক হারে উইপোকা ও লাল মাকড়শার আক্রমনও ছড়িয়ে পড়ার সম্ভবনা থাকে।

এ পরিস্থিতিতে তা প্ল্যান্টাররা বলেছেন, অনাবৃষ্টির কারণে, চা পাতা তোলার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। যারফলে কারখানায়, চা উৎপাদন প্রক্রিয়া অন্ততপক্ষে তিন সপ্তাহের জন্য পিছিয়ে পড়েছে।

চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম পরিমান চা উৎপাদন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।