বাংলাদেশে পরিবেশ রক্ষা কর্মসূচিতে বিনিয়োগ করবে চীনা কোম্পানি
বাংলাদেশে পরিবেশ রক্ষা কর্মসূচিতে বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে চীনের একটি পরিবেশ রক্ষা প্রকৌশল কোম্পানি।
শাংহাই শেনগং কোম্পানির ভাইস জেনারেল ম্যানেজার জুন হুই বিডিনিউজকে জানান, আমাদের কোম্পানি ঢাকায় বর্জ্য পরিশোধনের জন্য অন্য দুটি কোম্পানির সাথে ৪৫ দশমিক ৪৯ মিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প প্রস্তাব দিয়েছে।
বাংলাদেশ সরকার ও অন্যান্য সংগঠনের সাথে কাজ করার জন্য যোগাযোগ কার্যালয় প্রতিষ্ঠা এবং বিনিয়োগ বোর্ডের তালিকাভুক্তির জন্য তারা ঢাকায় এসেছেন বলে তিনি জানান।
কোম্পানির আন্তর্জাতিক বিভাগের বাণিজ্য ব্যবস্থাপক উইলিয়াম লু বলেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে আলাপ করার পর আমরা দেখেছি এখানে প্রচুর ক্ষেত্র রয়েছে যেখানে সরকার সহযোগিতা করলে আমরা বিনিয়োগ করতে পারব।
কোম্পানি সূত্র জানায়, তারা এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ, বিনিয়োগ বোর্ড, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে তাদের পরিবেশগত ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন।
শাংহাই ভিত্তিক এই পরিবেশ প্রকৌশল কোম্পানিটির চীনে বেশ সুনাম রয়েছে। কোম্পানির মোট সম্পদের পরিমাণ ১৯০ মিলিয়ন মার্কিন ডলার। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের নিজস্ব প্রকৌশলগত প্যাটেন্ট রয়েছে।
ঢাকা সিটি কর্পোরেশন ২০০৪ সালে সলিড ওয়েস্ট কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট প্লান্টের ব্যাপারে প্রস্তাব আহ্বান করে। চীনা কোম্পানির ৪৫ দশমিক ৪৯ মিলিয়নের প্রস্তাবটি গ্রহণ করেছে ঢাকা সিটি কর্পোরেশন। এ সাথে আরও দুটি কোম্পানির প্রস্তাবও গৃহীত হয়েছে।
প্রস্তাবিত ওয়েস্ট ট্রিটমেন্ট প্লানটি বাস্তবায়িত হলে প্রতিদিন এক হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে বছরে ৩ কোটি ৭৯ লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। এতে প্রতিদিন ১৪৮ টন কম্পোস্ট, ৭২ টন জ্বালানি উৎপাদনও সম্ভব হবে।
প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে মোট ৪৫ মিলিয়ন ডলার। এর মধ্যে ৫২ শতাংশ প্রযুক্তি ও যন্ত্রপাতি বাবদ এবং বাকি ৪২ শতাংশ অবকাঠামো উন্নয়ন বাবদ ব্যয় ধরা হয়েছে।
