বেক্সিমকো ফার্মা স্কিন কেয়ার পণ্য উৎপাদনের ২৫ বছর পূর্তি উদযাপন করেছে
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শুক্রবার কোম্পানির স্কিন কেয়ার পণ্য উৎপাদনের ২৫ বছর পূর্তি উদযাপন করেছে।
এ উপলক্ষ্যে বেক্সিমকো ফার্মা রাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের চর্ম বিশেষজ্ঞদের সম্মানে ‘স্কিন কেয়ার নাইট’ এর আয়োজন করে।
বেক্সিমকো ফার্মার ওষুধের প্রশংসা করে চর্ম বিশেষজ্ঞরা এসব ওষুধ স্থানীয় ভাবে তৈরি এবং স্থানীয় বাজারে এগুলোর প্রাপ্যতা নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানান।
বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, চিকিৎসকরা যেন রোগিদের আরও ভাল চিকিৎসা সেবা দিতে পারে সেজন্য উন্নতমানের ওষুধ সাশ্রয়ী মূল্যে সরবরাহ করার জন্য বেক্সিমকো ফার্মা প্রতিশ্র“তিবদ্ধ। তিনি বেক্সিমকো ফার্মার ওষুধের উপর নির্ভরতা ও বিশ্বস্ততা রাখায় ডাক্তারদের ধন্যবাদ জানান।
বেক্সিমকো ফার্মার পরিচালক (বিপণন) রাব্বুর রেজা বলেন, বেক্সিমকো ফার্মার যাত্রার শুরু থেকে এর অন্যতম প্রধান লক্ষ্য ছিল চর্ম রোগের ওষুধ তৈরী করা। ১৯৮০ সালে বাংলাদেশে প্রথমবারের মত ক্যানেস্টেন উৎপাদন দিয়ে শুরুর মাধ্যমে বেক্সিমকো ফার্মা আরও অনেক চর্ম রোগ নিরাময়কারী ওষুধ দেশে প্রথমবারের মত তৈরী করে।
ব্র্যান্ড ওমাস্টিনের আওতায় কোম্পানিটি ছত্রাক প্রদাহের নিরাময় হিসেবে দেশে প্রথমবারের মত ফ্লুকুনাজল উৎপাদন করে। সম্প্রতি কোম্পানীটি ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রদাহের জন্য এক্সোভেট এন উৎপাদন করছে। সর্বশেষ সোরিয়াসিস এর জন্য সোরিটিন বাজারজাত করেছে। বেক্সিমকো ফার্মার উৎপাদিত এসকল পণ্য বাংলাদেশে এই প্রথম।
বেক্সিমকো ফার্মার পরিচালক (বিক্রয়) জাকারিয়া এস চৌধুরী রোগীদের ত্বক সংক্রান্ত সমস্যা নিরাময়ের জন্য বেক্সিমকো ফার্মার আরও অনেক নতুন ও উচ্চমানের ওষুধ তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন।
বর্তমানে সোরিয়াসিস রোগের ধারণা সম্পর্কে একটি বৈজ্ঞানিক সেমিনারেরও আয়োজন করা হয়। সোরিয়াসিস সম্পর্কে বক্তারা বলেন, এটা বাংলাদেশের জনগনের জন্য একটি সুসংবাদ যে বেক্সিমকো ফার্মা সম্প্রতি সোরিটিন ব্র্যান্ডে টাজারোটিন ক্রিম বাজারজাত করেছে। বায়োলোজিক্যাল থেরাপির সাথে টাজারোটিন সোরিয়াসিস চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখছে।
তারা বলেন, সোরিয়াসিস এর কোন স্থায়ী নিরাময় নেই, কিন্তু কার্যকর চিকিৎসায় অনেক সময়ের জন্য এটি কিছুটা অথবা পুরোটা নিরাময় হতে পারে।
বৈজ্ঞানিক সেমিনারের সভাপতির ভাষনে বাংলাদেশ ডারমাটোলজী সমিতির সভাপতি প্রফেসর এম. এ. ওয়াদুদ বলেন, বৃটেনের জনসংখ্যার ২ শতাংশ সোরিয়াসিস রোগে আক্রান্ত কিন্তু বাংলাদেশে কত লোক এই রোগে ভুগছে তার কোন সঠিক হিসাব নাই। কিন্তু এ রোগীর সংখ্যা বাংলাদেশে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
ডা: রাশেদ মো: খান ও ডা: এম. মুনির রশিদ সেমিনারে প্রধান বক্তা এবং প্রফেসর এ. জেড. এম. মাইদুল ইসলাম, প্রফেসর এম. মুজিবুল হক ও প্রফেসর মো: শহিদুল্লাহ বিশেষজ্ঞ প্যানেলের বক্তা হিসেবে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। প্রফেসর মো: খান সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্কিন কেয়ার নাইটের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ান তারকা নোলক বাবু ও বিউটি এবং খ্যাতনামা সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী।
