বাংলাদেশে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের কার্যক্রমের প্রতিবাদে ‘কর্মজীবী নারী’র বিক্ষোভ
আর্ন্তজাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকসহ ঋণ প্রদানকারী আর্ন্তজাতিক সংস্থাগুলোর ‘গণবিরোধী নীতি’র কাছে আত্মসমর্পণ, ঋণের শর্তানুসারে জনগণের উপর ধারাবাহিক মূল্যবৃদ্ধিসহ দেশীয় পণ্য--শিল্প-- উদ্যোগ ও কর্মসংস্থানের উপর আঘাতের প্রতিবাদে ‘কর্মজীবী নারী’ বুধবার মুক্তাঙ্গনে সমাবেশ, মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মুক্তাঙ্গনে সকাল ১১ টায় অনুষ্ঠিত কর্মসূচীতে বিভিন্ন শিল্পাঞ্চল থেকে আসা কয়েক শত নারী শ্রমিক অংশ নেয়।
মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রোকেয়া রফিক, জিয়াউল হক মুক্তা, মাহমুদা ইমাম, আরিফা আক্তার অনু, সৈয়দা শেলীনা শেলী, শবনম হাফিজ, মাহবুবা আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা বিশ্ব ব্যাংক ও আইএমএফ নির্দেশিত আর কোন সংস্কার কর্মসূচী বাংলাদেশে প্রয়োগ না করার দাবী জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণের কাঁধে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া এবং দুর্ভোগ সৃষ্টিকারী আইএমএফের কাছ থেকে সকল প্রকার ঋণ নেওয়া বন্ধ করা হোক। আইএমএফকে সম্পূর্ণ অগণতান্ত্রিক কাঠামোর সংস্থা বলে উল্লেখ করে বক্তারা সমাবেশে বাংলাদেশ থেকে এটি বহিস্কার করার দাবি জানান।
বক্তারা অভিযোগ করে বলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বিগত চার বছরে এই প্রতিষ্ঠানগুলোর শুধুমাত্র বাচনিক বিরোধতিা করেছেন, অন্যদিকে তাদের সকল নির্দেশ পালন করে তিনি জনগণের উপর দুর্ভোগ চাপিয়ে দিয়েছেন।
