২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ইইউ যৌথ কমিশনের বৈঠক শুরু; ২০০৬ সালের সহায়তা রূপরেখা নিয়ে আলোচনা       

দুই দিনব্যাপী বাংলাদেশ-ইউরোপীয় কমিশন (ইসি) যৌথ কমিশনের বৈঠক মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে। প্রথম দিনে কান্ট্রি স্ট্রাটেজি প্রোগ্রামের (সিএসপি) ওপর ভিত্তি করে ২০০৬ সালের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রকল্প সহায়তার রূপরেখা নিয়ে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

জাতীয় অর্থনৈতিক পরিষদের মিলনায়তনে বাংলাদেশ--ইসি যৌথ কমিশনের এ বৈঠকে বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির উপায় খুঁজে বের করা, মানবাধিকার, সুশাসনসহ অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

ইসি’র এশীয় ও ল্যাটিন আমেরিকা অঞ্চলের উপ মহাপরিচালক হার্ভি জোইউয়ানজিয়ান উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন (ইআরডি) সচিব মো. ইসমাইল জাবিউল্লাহ।

হার্ভি বলেন, চলতি বছরের জন্য বাণিজ্য সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধিসহ সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। 

দেশের চিংড়ি খাতের বিরাজমান সমস্যা সমাধানে কারিগরি সহযোগিতা দিতে ইইউ’র আগ্রহের ইঙ্গিত করে হার্ভি বলেন, আমরা আশা করছি বাংলাদেশের চিংড়ি খাত ইইউ’র বাজারের মানসম্মত অবস্থান তৈরি করবে।

হার্ভি বলেন, কিভাবে জীবাণুনাশক (অ্যান্টিবায়োটিক) ব্যবহার করতে হয় তা বাংলাদেশের প্রায় অর্ধেক চিংড়ি চাষি জানে না। আমরা চাষিদের কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত এ ধরনের সমস্যার সমাধান করতে চাই।

বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কাজের পরিবেশ সম্পর্কে ইইউ’র ভোক্তাদের উদ্বেগ সম্পর্কে তিনি বলেন, দেশের পোশাক কারখানার কাজের পরিবেশ উন্নয়নে সরকার যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন আমরা তাকে স্বাগত জানাবো।

ইআরডি সচিব জাবিউল্লাহ বলেন, বেসরকারি খাত উন্নয়ন কর্মসূচির (পিএসডিপি) জন্য ইইউ ১৬ মিলিয়ন ইউরো দেবে। চলতি বছরে বাংলাদেশের জন্য সহায়তা হিসেবে ইইউ ইতোমধ্যে ৬৭ মিলিয়ন ইউরো সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচির ব্যাপারে সহযোগিতা ও চিংড়ি খাতের সমস্যা সমাধানে আমদানি যন্ত্রপাতি প্রদান করতে ইইউ আগ্রহী।

নতুন শিথিলকৃত রুলস অব অরিজিনের উল্লেখ করে জাবিউল্লাহ বলেন, জরিপের মাধ্যমে এটি প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ ও ইইউ যৌথভাবে জরিপটি পরিচালনা করেছে। টেক্সটাইল ও পোশাক রপ্তানিকারক সমিতির মতামত বিবেচনা করেই রুলস অব অরিজিন নির্দিষ্ট করতে ইইউ নিশ্চয়তা দিয়েছে বলে তিনি জানান।

হার্ভি আরো বলেন, বাণিজ্য সক্ষমতার মানোন্নয়নের জন্য ইইউ গত তিন বছরে মধ্যে প্রথমবারের মতো ৬৩ মিলিয়ন ইউরো দিয়েছে। বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি কর্মসূচিতে বিশ্বব্যাংকও জড়িত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা--বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে বাণিজ্য নীতি প্রণয়ন করতে ইইউ’র প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।

উল্লেখ্য, বাংলাদেশ ২০০৫ অর্থবছরে ইইউ’তে ৪৬২১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের পণ্য রপ্তানি করেছে। আর এ সময়ে তারা ইইউ থেকে ১৪৪৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে।