২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকোর সাথে ঝুলে থাকা বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ

ট্যাংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্র দুর্ঘটনার ক্ষতিপুরণ আদায়, ফেনী গ্যাসের জন্য জিপিএসএ (গ্যাস পারচেজ এন্ড সেলস এগ্রিমেন্ট) স্বাক্ষরসহ নাইকোর সাথে ঝুলে থাকা বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করতে পেট্রোবাংলা ও বাপেক্সকে নির্দেশ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

কানাডিয়ান কোম্পানি নাইকোর বিভিন্ন অমীমাংসিত বিষয়ে সরকারের কৌশল নির্ধারণে ডাকা জ্বালানি মন্ত্রণালয়ের এক বৈঠকে রোববার উপদেষ্টা মাহমুদুর রহমান এই নির্দেশ দেন।

সোমবার নাইকোর প্রেসিডেন্ট এডওয়ার্ড জে স্যাম্পসন ও জ্বালানি উপদেষ্টার নির্ধারিত বৈঠকের আগের দিন জ্বালানি মন্ত্রণালয়ের সভাটি অনুষ্ঠিত হলো।

সভা শেষে উপদেষ্টা মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, ফেনীর গ্যাস নিয়ে সরকার নির্ধারিত দামে অর্থাৎ প্রতি হাজার ঘনফুট ১ দশমিক ৭৫ মার্কিন ডলার হিসেবে নাইকোর সাথে জিপিএসএ স্বাক্ষর করতে পেট্রোবাংলাকে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, নাইকো না মানলেও এর বেশি দাম দেয়ার সুযোগ সরকারের নেই। আর গ্যাসের দাম নির্ধারণ ছাড়া সরবরাহ শুরু করে নাইকো ঠিক কাজ করেনি।

সভায় পেট্রোবাংলাকে দেয়া নির্দেশে বলা হয়, ট্যাংরাটিলা ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি আবার জোরালো করতে হবে।

এই লক্ষ্যে পুড়ে যাওয়া গ্যাসের পরিমাণ নির্ধারণ এবং পরিবেশের ক্ষতি নির্ধারণের পদ্ধতি কি হবে -- এ বিষয়ে নাইকোর প্রশ্নের জবাব চূড়ান্ত করে তা আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে পাঠাতেও বলা হয়।

সভায় পেট্রোবাংলার সমালোচনা করে উপদেষ্টা বলেন, ফেনীর গ্যাসের দাম বাবদ যে চার মিলিয়ন মার্কিন ডলার নাইকোকে দেয়া হয়েছে তার পদ্ধতি সঠিক ছিল না।

এক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, নাইকোকে ইতোমধ্যেই ছাতক গ্যাস ক্ষেত্র উন্নয়নের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু কখন তারা কাজ শুরু করবে সেটা নাইকোর সিদ্ধান্তের ব্যাপার।

সভায় জ্বালানি সচিব এ এম এম নাসির উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া, পরিচালক (পিএসসি) রায়হানুল আবেদীন, পরিচালক (অপারেশন) রহমান মোর্শেদ, বাপেক্সর ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।