পুঁজি বাজারে ধস: বিনিয়োগকারীদের বিক্ষোভ, সরকারের নীতিকেই দায়ী করলেন বিশ্লেষকরা
শেয়ার বাজারের অব্যাহত ধসের প্রতিবাদে সোমবারও ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন। অব্যাহত এ ধসের জন্যে সরকারের বর্তমান নীতিকেই দায়ী করেছেন বিশ্লেষকরা।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩০ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১৫১৮ দশমিক ৩৫ পয়েন্টে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন। এদিকে ব্লু চিপস শেয়ারের সূচকও হ্রাস পেয়েছে।
১৩ ফেব্রুয়ারির পর শেয়ার মূল্য সূচক পতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা এ নিয়ে দু’বার বিক্ষোভ প্রদর্শন করল। এদিন মোট ১৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৯টি শেয়ারের মূল্য কমেছে, ২৯টির মূল্য বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ২০টির মূল্য।
১৩ ফেব্রুয়ারি পর থেকে সোমবার পর্যন্ত গত ১৫ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬৬ দশমিক ১৮ পয়েন্ট নিচে নেমে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, শেয়ার বাজারের সার্বিক অবস্থার উন্নয়নে নীতি নির্ধারকরা আন্তরিক নয়।
তিনি বলেন, সরকারের সংকীর্ণ আর্থিক নীতিমালার কারণে সার্বিক বিনিয়োগ ও শেয়ার বাজারে প্রভাব পড়েছে।
তিনি আরও বলেন, মুদ্রাস্ফীতি দূর করার জন্যে সুদের হার বৃদ্ধি করার মাধ্যমে সরকার আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) হুকুম তামিল করছে।
অধ্যাপক আবু আহমেদ বলেন, ব্যাংক ও সঞ্চয়পত্রের সুদের হার বৃদ্ধির কারণে পুরো বাজারে শেয়ার বাজারের সৃষ্ট তারল্য সংকট দেখা দিচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সহসভাপতি আহমাদ রশিদ লালী বলেন, উচ্চ সুদের হারের কারণে কয়েক মাসে ধরে টাকা ব্যাংকিং খাতে সরিয়ে নেয়া হচ্ছে। তাছাড়া প্রাথমিক শেয়ার বিতরণ প্রক্রিয়াও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে নিরুৎসাহিত করছে।
