২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি রোধে একত্রে কাজ করবে আন্তর্জাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বিশ্বব্যাপী অনিয়ম ও দুর্নীতি রোধে আন্তর্জাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একটি গ্রুপ এশিয়া, আফ্রিকা ও ইউরোপে একজোট হয়ে কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 05:14 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

এসব ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে: আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংক (আইডিবি), আফ্রিকান উন্নয়ন ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)।

আইডিবি জানায়, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ব্যাংকগুলোর এক সভায় একটি টাস্কফোর্স গঠন করে। টাস্কফোর্সটি অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে একটি কর্মপরিকল্পনা তৈরি করবে।

ব্যাংকগুলোর একটি সূত্র জানায়, টাস্কফোর্সটি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সৃষ্টির সুযোগ সুবিধা চিহ্নিতকরণে একটি পরিকল্পনা গ্রহণ করবে। এছাড়াও স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করতে সুশীল সমাজসহ অন্যান্য গ্রুপের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও কাজ করবে এই টাস্কফোর্স।

ব্যাংকগুলো ২০০৬ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের বার্ষিক সভা এবং আইএমএফ’র গভর্নর বোর্ডের সভায় এ সংক্রান্ত কাজ যথাসময়ে সম্পন্ন করতে বলবে।

এর আওতায় দুর্নীতির বিরুদ্ধে বিশ্বের যে কোনও ব্যাংকের গৃহীত পদক্ষেপের তথ্য বিনিময়, দুর্নীতির গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান, তদন্ত নীতিমালার ধারাবাহিকতা উন্নয়ন এবং বিধিনিষেধের ক্ষেত্রে সমঝোতামূলক সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।

বার্লিন ভিত্তিক দুনীতি পর্যবেক্ষণ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির সূচকে পঞ্চমবারের মতো বাংলাদেশ শীর্ষে রয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দুর্নীতিকে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র বাস্তবায়নের ক্ষেত্রে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে।

এদিকে বিশ্বব্যাংক তার সদস্যরাষ্ট্রগুলোতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে, দুর্নীতি রোধে ব্যর্থ হলে ঋণ প্রত্যাহার এবং প্রতিশ্রুত অনুদান বাতিল করে দেওয়া।