২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেড বিল উদ্যোগের যে কোনও ফলাফল মেনে নিতে ঢাকাকে প্রস্তুত থাকতে ক্রাউলির আহ্বান

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড বিল ২০০৫ এর অনুমোদন লাভের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশ সফররত মার্কিন কংগ্রেসম্যান জোসেফ এফ ক্রাউলি বিল সংক্রান্ত যে কোনও ফলাফলের ব্যাপারে প্রস্তুত থাকতে বুধবার বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 09:58 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

দু’দিনের সফরের শেষ দিনে বুধবার আমেরিকান সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রাউলি বলেন, ট্রেড অ্যাক্ট অনুমোদন করা কঠিন একটি প্রক্রিয়া। প্রক্রিয়াটি যে সহজ নয়, এটা সবাইকে বুঝতে হবে। তাই ফলাফল যাই হোক না কেন, সে জন্যে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, চলতি বছরের নভেম্বরে আমাদের সিনেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই বিল অনুমোদনের জন্যে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সময়ও কম পাওয়া যাবে।

তিনি বলেন, যদিও বিলটি পাসের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে ও অনেক ক্ষমতাধর ব্যক্তি বিলটি অনুমোদনের পক্ষে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবু বিলটি পাস করা সহজ হবে না।

মার্কিন সিনেটে বহুল প্রতিক্ষিত ট্রেড অ্যাক্ট ২০০৫ অনুমোদন সম্পর্কে জানতে চাওয়া হলে মার্কিন কংগ্রেসম্যান হতাশাজনক পরিস্থিতির ইঙ্গিত দেন।

মার্কিন সিনেট ট্রেড অ্যাক্টে অনুমোদন দিলে বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি স্বল্পোন্নত দেশ (এলডিসি) মার্কিন যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ও অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে কোটামুক্ত সুবিধা লাভ করবে।

নভেম্বরের আগেই বিলটি অনুমোদন পেতে পারে কিনা এমন এক সম্পূরক প্রশ্নের জবাবে ক্রাউলি বলেন, পরিস্থিতির উপর বিষয়টি পুরোপুরি নির্ভর করবে।

তিনি বলেন, বিল চলতি বছরে পাস না হলে ২০০৭ সালে তা পাস করানোর চেষ্টা করা হবে।

চলতি বছরের ২৬ জানুয়ারি মার্কিন সিনেটে ট্যারিফ রিলিফ অ্যসিস্ট্যান্স ফর ডেভেলপিং ইকোনোমিক্স (ট্রেড) অ্যাক্ট ২০০৫ বিলটি উত্থাপন করা হয়।

এলডিসিভুক্ত কয়েকটি দেশকে দেওয়া বাণিজ্য সুবিধার পরিমাণ বৃদ্ধি করতে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ১৭ ফেব্রুয়ারি বিলটি উত্থাপন করা হয়। রিপাবলিকান কংগ্রেস সদস্য জিম কালবি ও ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য জোসেফ ক্রাউলি বিলটি উত্থাপন করেন।

ট্যারিফ রিলিফ অ্যাসিস্ট্যান্স ফর ডেভেলপিং ইকোনোমিক্স (ট্রেড) বিল ২০০৫ এর অনুমোদন লাভ করতে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ব্যাপক তদবির করেছে।

বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার এক নৈশভোজে মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো- চেয়ার ক্রাউলি বলেন, বিলে সমর্থন না যোগাতে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান রাজনীতিবিদদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠন বিশেষ করে টেক্সটাইল লবির পক্ষ থেকে চাপ সইতে হচ্ছে।

তিনি বলেন, আমি আশাবাদী অথবা হতাশাবাদী কোনটিই নই। কিন্তু বিলের অনুমোদনে আমার সহকর্মীদের সমর্থন পাওয়ার চেষ্টার ব্যাপারে আমি বাস্তববাদী।

মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন বিল অনুমোদনের ক্ষেত্রে একটি বড় বিষয় হলেও বিলটি অনুমোদন করাতে চেষ্টা চালিয়ে যেতে মার্কিন কংগ্রেস সদস্য বিজিএমইএ নেতৃবৃন্দকে চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

মার্কিন সিনেট ও কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য বিলটি অনুমোদনের পক্ষে রয়েছেন।