২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কভুক্ত দেশগুলোর পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ অঞ্চল হবে শক্তিশালী অথনৈতিক ব্লক হবে

বাংলাদেশ সফররত ভারতের কেমিক্যাল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের প্রতিনিধিদলের নেতা ও এল নংডু বলেছেন, সার্কভুক্ত দেশসমূহের মধ্যে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি করা গেলে এই ব্লক হবে এ অঞ্চলের সবচে শক্তিশালী অর্থনৈতিক ব্লক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

চট্টগ্রাম চেম্বার সদস্যদের সাথে সোমবার এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের খনিজ সম্পদকে ব্যবহার করে সিমেন্ট, সিরামিক ও গ্যাসভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, যা এ অঞ্চলে স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির জন্যে তিনি একটি যৌথ চেম্বার গঠনের প্রস্তাব করেন।

তিনি বলেন, কলকাতা কিংবা মুম্বাই থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে পরিবহন খরচ বৃদ্ধির কারণে এন.ই.আই এর ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পণ্য আমাদনিতে আগ্রহী। তাই এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দরকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পরিবহনের করিডোর হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে তিনি চেম্বার সদস্যদের প্রতি অনুরোধ জানান।

ও এল নংডু বলেন, বাংলাদেশের পণ্যসমূহ বর্তমানে ভারতের উক্ত রাজ্যসমূহে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাই দু’দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে তিনি মানব সম্পদ ও পণ্যের অবাধ যাতায়তের উপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ মো: আমিরুল হক, মাহবুব আলম, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী, এসএম নুরউদ্দিন ও নারী শিল্প উদ্যোক্তা মনোয়ারা হাকিম আলীসহ ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও চেম্বার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভারতের কেমিক্যাল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের ২০ সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল এখন বাংলাদেশ সফরে রয়েছেন।

পরে উভয় দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ ওয়ান-টু-ওয়ান বাণিজ্য বৈঠকে মিলিত হন এবং বিকেলে ভারতীয় প্রতিনিধিদলটি চট্টগ্রাম চেম্বার আয়োজিত চতুর্দশ চট্টগ্রাম আন্তর্জাতিক শিল্প পণ্য মেলা (সিআইটিএফ) ২০০৬ পরিদর্শন করেন।