২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বলছে সার সংকট কৃত্রিম সৃষ্ট, পরিবহন ব্যবস্থা মনিটরিংয়ে কমিটি গঠিত

সারের সংকটের কারণ হিসেবে সরকার বলছে এক শ্রেণীর ট্রাক মালিক এ ‘কৃত্রিম সংকট’ সৃষ্টি করছে। আর এ অবস্থা নিরসনে সরকার সার পরিবহন ব্যবস্থা মনিটর করার জন্যে সোমবার একটি মনিটরিং কমিটি গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

তবে পরিবহন মালিকরা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঠিকাদাররাই এ সংকটের জন্যে দায়ী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সার পরিবহন সমস্যা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এ মনিটরিং কমিটি গঠন করা হয়।

শিল্প উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে প্রধান করে মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা এবং পরিবহন সংস্থার নেতৃবৃন্দের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে শিল্প উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান জিএম সিরাজ এমপি, স্বরাষ্ট্র ও শিল্প মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যানদ্বয় এবং পুলিশ বিভাগ ও যোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, চলতি বোরো মৌসুমে কৃষকদের আরও সার দরকার। কিন্তু এক শ্রেণীর ট্রাক মালিকদের সৃষ্ট কৃত্রিম সংকটের কারণে তারা সারের তীব্র সংকটের মুখোমুখি হচ্ছেন।

তিনি বলেন, পাশ্ববর্তী দেশ মায়ানমারে সার পাচার রোধ করা হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী সারের এ সংকটকে জাতীয় সংকট বলে প্রচার করার চেষ্টা চালাচ্ছে। এটি কৃত্রিম সংকট ছাড়া আর কিছুই না বলে তিনি উল্লেখ করেন।

সূত্র জানায়, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাঘাবাড়ী, নগরবাড়ী, কাজিরহাট ও দেশের অন্যত্র সারের বিপুল মুজদ রয়েছে। কেবল ঢাকাতেই ৪৫ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে বলে তিনি জানান।

সারের এ সংকটের জন্যে সরকার ট্রাক মালিকদেরকে দোষারোপ করার পর পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, সরবরাহ কমিয়ে ঠিকাদাররাই এ সংকট সৃষ্টি করেছেন।

তবে ঠিকাদাররা জানান, পরিবহনের জন্যে সরকার যে খরচ দেয়ার প্রস্তাব করেছে তা খুবই কম এবং এত কম পরিমাণ টাকায় তাদের পক্ষে সার সরবরাহ করা সম্ভব নয়। উল্লেখ্য, বৈঠকে ঠিকাদারদেরকে আমন্ত্রণ জানানো হয়নি।

শাহজাহান খান এমপি বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সার সরবরাহের জন্যে সরকার ও ঠিকাদারদের দায়িত্ব দিয়েছে। আর তাই এ সংকটের জন্যে সরকার ও ঠিকাদাররাই দায়ী বলে তিনি উল্লেখ করেন।

তিনি বিডিনিউজকে বলেন, পরিবহন ব্যয় যদি কম হয়ে থাকে তবে কেন তা বাড়ানো হচ্ছে না। কৃষকদের হাতে সার পৌঁছে দিতে হবে, অন্যথায় বোরো চাষ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, কৃষকের হাতেই যদি না পৌঁছে তবে সরকারের হাতে সারের মজুদ থাকা মূল্যহীন।