২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু’টি কোম্পানিকে জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

নীতিমালা ভঙ্গের অভিযোগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) রোববার দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

প্রতিষ্ঠান দু’টি হচ্ছে, এম হোসেন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেড এবং এম শামসুর রহমান অ্যান্ড কোম্পানি।

কমিশন এম হোসেন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেড’র চেয়ারম্যানসহ তিন কর্মকর্তার প্রতেক্যকে এক লাখ টাকা করে জরিমানা করে। কর্মকর্তারা হলেন চেয়ারম্যান/পরিচালক এবিএম কামালউদ্দীন খান, পরিচালক ইয়াসমীন কামাল, পরিচালক মিনহাজ বিন কামাল ও কোম্পানি সচিব মাজহারুল ইসলাম খন্দকার। তাদের সকলকে এই আদেশ জারির ১৫ দিনের মধ্যে কমিশনে অর্থ জমা দিতে বলা হয়েছে।

জরিমানার কারণ হিসেবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৩ সালের বার্ষিক সাধারণ সভায় মূল্য সংবেদশীল তথ্য যেমন, লভ্যাংশ, বুক ক্লোজার তারিখ প্রকাশ না করে কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নীতিমালা ভঙ্গ করেছে।

এদিকে এসইসি’র আরেকটি আদেশে এম শামসুর রহমান অ্যান্ড কোম্পানি নামে একটি মূলধনী অংশীদার প্রতিষ্ঠানকে ক্লিয়ারিং একাউন্টে গ্রাহকের শেয়ার জমা রাখার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ জরিমানা প্রদান করতে বলা হয়েছে।