রাজধানীতে ৪ দিনব্যাপী ‘ডাইম পেসএক্সপো-২০০৬’ প্রদর্শনী শুরু
শিল্প প্রতিষ্ঠানে সর্বাধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটাতে ও বাজার প্রবেশাধিকার সৃষ্টি করতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে চারদিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।
বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী প্রদর্শনীর উদ্বোধন করেন।
বাংলাদেশ করুগেটেড কার্টুন অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিসিসিএএমইএ) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসি) যৌথভাবে প্রদর্শনীটি আয়োজন করেছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতউল্লাহ বুলু, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, বিডিএমইএ সভাপতি টিপু মুন্সী, বিসিসিএএমইএ সভাপতি সফিউল্লাহ চৌধুরী, ডিসিসিআই সভাপতি এম এ মোমেন এবং প্রদর্শনীর আহ্বায়ক রাফেজ আলম চৌধুরী বক্তব্য রাখেন।
বিসিসিএএমইএ’র সদস্যরা পলি ব্যাগ, ব্যাকবোর্ড, নেক বোর্ড, কলার ইনসার্ট, বাটারফ্লাই, কলারবোন, সুইং থ্রেড, টেপ, ইলাস্টিক, প্রিন্টেড ও ওভেন লেবেল, জিপার, স্টিকার, হ্যাঙ্গার, বাটন, এমব্রয়ডারি, বারকোড, ইন্টারলাইনিং, টিস্যু পেপার এবং প্যাডিং-সহ বিভিন্ন ধরনের কার্টুন ও একসেসরিজ প্রদর্শন করবে।
এছাড়া প্রদর্শনীতে প্যাকিং, প্রিন্টিং, একসেসরিজ, প্লাস্টিক, কাঁচামাল, সংশ্লিষ্ট সেবা এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হবে বলে জানা গেছে।
মালয়েশিয়া-ভিত্তিক অনুষ্ঠান ব্যবস্থাপনা কোম্পানি ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট এসডিএন.বিএইচডি প্রদর্শনীটি পরিচালনা করছে।
দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে প্রবেশ করতে কোন প্রবেশ ফি লাগবে না।
প্রদর্শনীর পাশাপাশি সেমিনারের আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। সেমিনারে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
প্রদর্শনী চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
