২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হচ্ছে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা

চট্টগ্রাম রেলওয়ে পোলো গ্রাউন্ডে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে।

রোববার বিকালে চেম্বার মিলনায়তনে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বলেন, এ নিয়ে চতুর্থবারের মতো থাইল্যান্ড অংশীদার দেশ হিসেবে মেলায় অংশ নিচ্ছে।

চেম্বার সভাপতি জানান, উদ্যোক্তাদের আকাঙ্খা ও বাণিজ্যিক রাজধানীর চাহিদা অনুসারে সিসিসিআই প্রচুর সম্ভাবনাময় কয়েকটি খাতে সরাসরি বিদেশি বিনিয়োগসহ ক্রমবর্ধমান ব্যাবসা, শিল্প প্রতিষ্ঠান ও অর্থনীতির জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষে এ মেলার আয়োজন করে আসছে।

সিআইটিএফ’র অর্জনের ওপর আলোকপাত করে তিনি বলেন, এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার উদ্যোক্তা এবং বহুজাতিক ও বিদেশি ও দেশি বাণিজ্য প্রতিষ্ঠানের বিপুল সাড়া প্রদানসহ সার্বিক সাফল্যের দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

মেলায় ৩০ টি মেগা প্যাভিলিয়নসহ মিনি প্যাভিলিয়ন, প্যাভিলিয়ন, প্রিমিয়ার গোল্ড এবং সাধারণ বুথে মোট ৩২০ টি স্টল থাকবে। এসব স্টলে খাদ্য ও পানীয়, বস্ত্র, তৈরি পোশাক, তাঁতশিল্প, হস্তশিল্প, আসবাবপত্র, রাসায়নিক, সিরামিক, গাড়ির যন্ত্রাংশ, ট্রয়লেট্রিজ, প্রসাধনী, অলংকার, পাটজাত পণ্য, রাবার, ইলেক্ট্রনিকস সরঞ্জাম, টেলিকম ও আইসিটি সামগ্রী, প্লাস্টিকের জিনিসপত্রসহ আরও বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হবে।

মেলায় থাইল্যান্ডের পণ্যসামগ্রী নিয়ে ৫৩ টি স্টল বসবে এবং পাকিস্তানি সামগ্রী থাকবে ১৮ টি স্টলে। মেলায় থাইল্যান্ড ও পাকিস্তানি পণ্যের প্যাভিলিয়ন ছাড়াও চীনের পণ্য নিয়েও থাকবে একটি প্যাভিলিয়ন। এ গুলো হচ্ছে এ মেলার বিশেষ আকর্ষণ।

মেলায় অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান ও উপস্থিত দর্শকদের কথা চিন্তা করে কঠোর নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে।

সাইফুজ্জামান বলেন, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে সবাইকে মেলায় প্রবেশ করানো হবে। এছাড়া স্থায়ীভাবে পুলিশ ও দমকলবাহিনীর বিশেষ টিম মোতায়েন রাখা হবে।

বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতুল্লাহ বুলু, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী।

মেলার প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার কাউন্টারে প্রাপ্ত বয়স্করা ১০ টাকায় এবং অপ্রাপ্ত বয়স্করা পাঁচ টাকায় প্রবেশ টিকেট কিনতে পারবেন।