দীর্ঘমেয়াদি ঋণ নিয়ন্ত্রণের আহ্বান জানালেন অর্থমন্ত্রী
বর্তমান সরকারের শেষ বছরে যাতে অর্থনীতির ওপর বাড়তি চাপ না সৃষ্টি হয় সেজন্য অর্থমন্ত্রী দীর্ঘমেয়াদি প্রকল্পে ঋণ না দেওয়ার ব্যাপারে বৃহস্পতিবার ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তেলের দাম বাড়ার ফলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়েছে এবং দীর্ঘমেয়াদি ঋণের কারণে তাতে আরও প্রভাব পড়বে।
তিনি বলেন, নির্বাচন সামনে রেখে বেশি করে ঋণদানের বিষয়টি ব্যাংকগুলোর একটি সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ পড়ে।
এছাড়া, অর্থমন্ত্রী দেশের কৃষিখাতে লগ্নির পরিমাণ বাড়ানোর ব্যাপারে ব্যাংকারদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জনতা ব্যাংকের ব্যবস্থাপক এম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরীও বক্তব্য রাখেন।
সাইফুর রহমান বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি ও বিনিয়োগের জন্য ব্যাংকিং পদ্ধতির প্রয়োজন রয়েছে।
বর্তমান সরকারের শেষ বছরে দেশের সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে দীর্ঘমেয়াদি ঋণের ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপের সুপারিশ করা হয়েছে।
সাইফুর রহমান বলেন, তার দল দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছে। অর্থনীতি খাত কীভাবে ব্যবস্থাপনা করতে হয় তা তাদের জানা আছে।
তিনি আরও বলেন, নিবিড় অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য একটি ভালো বাৎসরিক অর্থব্যস্থাপনা প্রয়োজন।
ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা ও রিজার্ভ শূন্য রেখে যাওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আগামী তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটি শক্তিশালী রিজার্ভ ও বলিষ্ট অর্থনীতি হস্তান্তরের ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন।
সাইফুর রহমান উত্তম অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য আভ্যন্তরীণ অডিট পরিচালনার আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন তার বক্তব্যে সম্পদের ব্যবস্থাপনার ব্যাপারে ব্যাংকগুলোর অতিরিক্ত গুরুত্ব প্রদানের ওপর জোর দেন।
