পোষাক রপ্তানিতে ‘রুলস অব অরিজিন’ শিথিল করতে ইউরোপীয় কমিশনের প্রতি বিজিএমইএ’র অনুরোধ
তৈরি পোষাক রপ্তানিতে ‘রুলস অব অরিজিন’ এর শর্ত শিথিল করতে ইউরোপীয় কমিশনকে বিজিএমইএ অনুরোধ জানিয়েছে।
বাংলাদেশ পোষাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি টিপু মুন্সী এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশনের প্রধান এবং রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে এ অনুরোধ জানান।
বিজিএমইএ নেতারা বলেন, ইইউ দেশের তৈরি পোশাকের প্রধান ক্রেতা এবং এ খাতে শুল্কমুক্ত সুবিধার কারণে মোট রপ্তানির ৬৪ শতাংশ রপ্তানি হয়।
তারা বলেন, অথচ তৈরি পোশাক শিল্প রুলস অব অরিজিনের কারণে ইইউ শুল্কমুক্ত সুবিধা গ্রহণ করতে পারছে না।
বিজিএমইএ সভাপতি ডেলিগেশন প্রধানের মাধ্যমে ইউরোপীয় কমিশনকে ‘রুলস অব অরিজিন’ এর শর্ত শিথিল করে বাংলাদেশ থেকে ওভেন পোশাক রপ্তানির ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের পরিমান যৌক্তিক পর্যায়ে হ্রাসের অনুরোধ করেন।
ইইউ রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন বলেন, ইইউ’র ব্রাসেলসে প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জম্যান্টের আওতায় রুলস অব অরিজিন বিষয়ক গ্রিন পেপার অতি শিগগিরই চুড়ান্ত হচ্ছে।
তিনি বলেন, ইইউ বাংলাদেশের সমস্যা সমাধানে আন্তরিক। বিজিএমইএ’র অনুরোধ তিনি কমিশনকে অবহিত করবেন বলেও আশ্বাস দেন।
তিনি পণ্য জাহাজীকরণের ব্যয় ও লিড টাইম কমানোর ব্যাপারে অধিক কার্যকর হওয়ার ব্যাপারে বিজিএমইএকে পরামর্শ দেন।
এ সময় টিপু মুন্সী একই সঙ্গে গ্লোবাল কিউমুলেশন ও তা বাস্তবায়ন সম্ভব না হলে আসিয়ান ও সার্ক কিউমুলেশন এর সুবিধা প্রদানের অনুরোধ করেন।
বৈঠকে কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ডেলিগেশনের ফার্স্ট সেক্রেটারি চার্লস ডব্লিউ ওয়াইলি এবং অর্থনীতি ও রাজনীতি বিষয়ক কর্মকতা জিল্লুর হাই রাজী এবং বিজিএমইএ প্রতিনিধি দলে ছিলেন সাবেক সভাপতি আনিসুল হক, সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও শাহাদাত হোসেন চৌধুরী অরুন।
