‘বিডিনিউজ ফাইন্যান্স’ এর যাত্রা শুরু
বাংলাদেশ নিউজ ২৪ আওয়ার্স লিমিটেড (বিডিনিউজ) অর্থনীতির তরতাজা ও নির্ভরযোগ্য খবরাখবর পরিবেশনের লক্ষ্যে নতুন নিউজ সার্ভিস ‘বিডিনিউজ ফাইন্যান্স’ চালু করেছে। বুধবার ‘বিডিনিউজ ফাইন্যান্স’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বিডিনিউজের এক বছর পূর্তির একদিন পর নতুন এই নতুন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশস্থ আমেরিকান চেম্বারের সাবেক সভাপতি ও এফবিবিসিসিআই’র সভাপতি মীর নাসির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজের সম্পাদক রাশেদ চৌধুরী। সঞ্চালকের দায়িত্বে ছিলেন বিডিনিউজের ব্যবস্থাপনা সম্পাদক সোহেল মঞ্জুর।
সময়োগযোগী, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক অর্থনৈতিক, কর্পোরেট ও বাজার সংবাদ গ্রাহকদের উপহার দিতে বিডিনিউজ আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) অর্থনীতি বিষয়ক সংবাদ সার্ভিস বিভাগ ও এএফএক্স এশিয়ার সাথে সম্পৃক্ত থেকে কাজ করবে।
নতুন চালু করা বিডিনিউজ ফাইন্যান্সের আওতায় বিডিনিউজ তার গ্রাহকদের স্থানীয় ও আন্তর্জাতিক অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও কর্পোরেট সংবাদ প্রতিবেদন ও বিশ্লেষণ ইন্টারনেট-ভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে পরিবেশন করা হবে।
বিডিনিউজ ফাইন্যান্স স্থানীয় ও আন্তর্জাতিক বেশকিছু জনসংযোগ সংস্থার সাথে একযোগে কাজ শুরু করেছে। ওই সংস্থাগুলো মাধ্যমে সরবরাহকৃত স্থানীয় ও আন্তর্জাতিক এবং কর্পোরেট বাণিজ্যের বিভিন্ন খবরাখবরও গ্রাহকদের প্রদান করবে বিডিনিউজ ফাইন্যান্স।
তরুণ ও উদ্যমী অর্থনৈতিক সংবাদদাতাদের একটি দল এ সার্ভিসের মূল প্রাণশক্তি হেিসবে কাজ করবে।
