অর্থনীতির অগ্রগতির জন্যে বিশ্বস্ত তথ্য প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বিনিয়োগকারী ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে উন্নত ও বিশ্বাসযোগ্য তথ্য সরবরাহের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটরিয়ামে বুধবার বাংলাদেশ নিউজ ২৪ আওয়ার্স লিমিটেডের নতুন অর্থনীতিভিত্তিক নিউজ সার্ভিস ‘বিডিনিউজ ফাইন্যান্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এখানকার দাতা, বিনিয়োগকারী এবং কর্পোরেট উদ্যোক্তারা নিয়মিত, বিশ্বস্ত পরিসংখ্যান এবং তথ্যের অভাবে ভুগছেন।
অধ্যাপক মাহমুদ বলেন, তথ্যের গভীরতা বৃদ্ধি না করলে আপনি বিনিয়োগ ও আপনার ব্যবসা ভালোভাবে চালাতে পারবেন না।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)- এর সভাপতি মীর নাসির হোসেন ও আমেরিকান অব চেম্বার ইন বাংলাদেশের সভাপতি আফতাবুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ সম্পাদক রাশেদ চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিডিনিউজের ব্যবস্থাপনা সম্পাদক সোহেল মঞ্জুর। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ব্যবসায়ীদের বিশ্বস্ত তথ্যের ব্যাপক অভাব রয়েছে। যে দেশের কেন্দ্রীয় ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জাতীয় রাজস্ব বোর্ডের ভিন্ন ভিন্ন তথ্য ও বক্তব্য রয়েছে, সে দেশে ব্যবসায়ীরা কিসের ওপর ভিত্তি করে প্রকৃত সিদ্ধান্ত নেন, এটা ভেবে আমি অবাক হই।
তিনি আরও বলেন, তথ্য ও বক্তব্যের ভিন্নতা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে।
বিশ্বায়নের এ যুগে ক্রমবর্ধমান জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, জ্ঞান ভিত্তিক অর্থনীতির বিস্তারে ম্যানুফ্যাকচারিং খাত সংকুচিত হয়ে যাচ্ছে।
তিনি বলেন, জ্ঞান অর্থনীতি সরবরাহ করার ক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে রয়েছে।
তার মতে, এ খাতে বিশেষ কিছু করা প্রয়োজন। কেননা, এটি সম্পদের অংশ হয়ে দাঁড়িয়েছে।
অধ্যাপক মাহমুদ বলেন, উন্নততর বাণিজ্যের জন্যে কর্পোরেট প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের বিশ্লেষণমূলক সংবাদ ও তথ্য প্রয়োজন।
বহির্বিশ্বে দেশের নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে এ ধরনের ফাইন্যান্সিয়াল নিউজ সার্ভিস ও বিশ্লেষণ সহায়তা করবে বলে তত্ত¡াবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা আশা প্রকাশ করেন।
নতুন চালু হওয়া বিডিনিউজ ফাইন্যান্সিয়ালের আওতায় বিডিনিউজ তার গ্রাহকদের স্থানীয় ও আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল, ব্যবসায়ী ও কর্পোরেট সংবাদ প্রতিবেদন ও বিশ্লেষণ প্রতিষ্ঠানটির নিজ¯^ ইন্টারনেট--ভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে সরবরাহ করা হবে।
ব্যাংক, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, ছোট-মাঝারি-বৃহৎ কোম্পানি, চেম্বার্স, ব্যবসায়ী কমিটি এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়টি মাথায় রেখে বিডিনিউজ ফাইন্যান্সের আধেয় নির্ধারণ করা হবে।
প্রকৃত, স্বাধীন ও বিশ্বস্ত আন্তর্জাতিক অর্থনৈতিক, কর্পোরেট ও বাজার সংবাদ গ্রাহকদের উপহার দিতে আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) ব্যবসায়িক সংবাদ সার্ভিস এএফএক্স এশিয়ার সাথে চুক্তি করেছে।
