২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রয়ত্ত্ব শিল্পের ৭০ হাজারের বেশি শ্রমিক বেতন-বোনাস পায়নি

বেসরকারি পোশাক ও নিটওয়্যার শিল্পে কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধে আহ্বান জানালেও সরকার নিজেই রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার শ্রমিকদের পাওনা মেটায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

শ্রমিকদের বকেয়া ও ঈদ বোনাস পরিশোধে সরকার গত বৃহস্পতিবার দেশের তৈরি পোশাক প্রস্তুতকারকদের প্রতি আহ্বান জানায়।

অথচ, রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনে (বিটিএমসি) কর্মরত ৭০ হাজারের বেশি শ্রমিক মাসের পর মাস তাদের মজুরি পাচ্ছে না, ঈদ বোনাস তো দূরের কথা।

খুলনার পাটকলগুলোর শ্রমিকরা বকেয়াসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ, রেল ও সড়ক পথ অবরোধ কর্মসূচি পালন করছে।

রাষ্ট্রায়ত্ত্ব টেক্সটাইল মিলগুলোতেও কমবেশি একই অবস্থা। বিভিন্ন টেক্সটাইল মিলের শ্রমিক ও কর্মচারীরা ২০০৫ সালের জুলাই থেকে তাদের মজুরি ও বেতন পাচ্ছে না।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভবত আমাদের সতর্ক থাকার জন্যই সরকার এ ধরনের আহ্বান জানিয়েছে।”

তিনি বলেন, “আমরা ইতিমধ্যে শ্রমিকদের বেতন ও উৎসব বোনাস দিয়ে দিয়েছি।”

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এসএম ফজলুল হকও শ্রমিকদের মজুরি ও বোনাস দিয়ে দেওয়া হয়েছে বলে জানান।

কিন্তু রাষ্ট্রায়ত্ত্ব বিজেএমসি ও বিটিএমসি তাদের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেনি।

বিজেএমসির অধীনে ২২টি পাটকল রয়েছে। চালু ও বন্ধ থাকা এসব কারখানায় প্রায় ৬৫ হাজার শ্রমিক কর্মরত আছে।

বিজেএমসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “খুলনার পাটকলগুলোর শ্রমিকরা পাঁচ মাস ধরে মজুরি পাচ্ছে না। ঈদুল ফিতরের সময়ও তাদের বেতন-বোনাস দেওয়া হয়নি।”

নাম প্রকাশে অনিচ্ছুক বিজেএমসির এক শীর্ষ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদুল আজহাকে সামনে রেখে ২৭৩ কোটি টাকা দেওয়ার জন্য গত মাসে কর্পোরেশন অর্থ মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু মন্ত্রণালয় এখনও কোনও টাকা দেয়নি।”

বিটিএমসির অধীনে দেশে ২০টি টেক্সটাইল মিল রয়েছে। এর মধ্যে চারটি বন্ধ অথবা লে-অফ রয়েছে।

বিটিএমসির একজন কর্মকর্তা বলেন, “প্রায় ৯ হাজার শ্রমিক এবং ৩০০ কর্মচারী ২০০৫ সালের জুলাই থেকে কোনো টাকা পাচ্ছে না।”

শ্রমিকরা ২০০০ সালের মজুরি কাঠামোর সুবিধা এখনও পায়নি। নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের পর থেকে এখনও প্রায় ৬ কোটি ৩১ লাখ টাকা এ খাতে বকেয়া পড়ে আছে।

অত্যাবশ্যকীয় কর্মচারীরা ২০০৫ সালের জুলাই থেকে তাদের বকেয়া বেতনের বিপরীতে প্রায় ২ কোটি টাকা পাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিটিএমসির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, “তাদের মিলগুলোতে কর্মরত শ্রমিকরা গত এক বছর ধরে চিকিৎসা ভাতা, স্বেচ্ছা অবসর ও স্বাভাবিক অবসর বাবদ পাওনাও পাচ্ছে না।”