২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির হার ৭.১ শতাংশে দাঁড়াতে পারে

চলতি অর্থবছর দেশে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১ শতাংশে দাঁড়াতে পারে বলে বাংলাদেশ ব্যাংক মনে করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 10:35 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তবে বাংলাদেশ ব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা সৈয়দ এম আহসান বলেছেন, “রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল, কৃষিকাজের জন্য প্রয়োজনীয় উপকরণের সরবরাহ স্বাভাবিক ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারলেই কেবল এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব, অন্যথায় নয়।”

ব্যাংকের এক প্রতিবেদনে রোববার বলা হয়, ২০০৬-০৭ অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হতে পারে ৬ দশমিক ৬ শতাংশ থেকে ৭ দশমিক ১ শতাংশ পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক গত অর্থবছর ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে আভাষ দিয়েছিল। কিন্তু অর্জিত হয় ৬ দশমিক ৭ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের অর্ধবার্ষিক মুদ্রা নীতি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সৈয়দ আহসান সাংবাদিকদের বলেন, “শিল্প ও সেবা খাতের বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।”

তিনি বলেন, “নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি ও সারের পর্যাপ্ত সরবরাহ এই লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।”

দেশের বর্তমান ও আশু উন্নয়নের উপর ভিত্তি করে সাম্ভব্য প্রবৃদ্ধির হার হিসাব করা হয়ে থাকে বলে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়।

তবে প্রতিবেদনে বলা হয়, প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা অর্জনের পথে কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো জ্বালানি মূল্য, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ঋণ, বাজেট সহায়তা এবং খেলাপী ঋণ আদায়।

প্রতিবেদনে চলতি অর্থবছর শিল্প খাতে সাম্ভাব্য প্রবৃদ্ধি ৯ দশমিক ৫ শতাংশ থেকে ১০ দশমিক ৫ শতাংশ এবং সেবা খাতের ক্ষেত্রে ৬ দশমিক ৬ শতাংশ থেকে ৬ দশমিক ৮ শতাংশ অর্জিত হতে পারে। এই অর্থ বছর শেষ হবে আগামী বছর ৩০ জুন।

গত অর্থবছর শিল্প খাতে ৯ দশমিক ৬ শতাংশ এবং সেবা খাতে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়।

চলতি অর্থবছর কৃষি খাতে সাম্ভব্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৮ শতাংশ থেকে ৩ দশমিক ৪ শতাংশ, যা গত বছরের ৪ দশমিক ৫ শতাংশের চেয়ে কম।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে সৈয়দ আহসান বলেন, “জ্বালানির দাম বাড়ানো হলে তা অর্থনীতির উপর সাময়িকভাবে চাপ বাড়াতে পারে। কিন্তু চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় রাখা সম্ভব হলে তা সহনীয় হয়ে যাবে।”