আগামী তিন সপ্তাহান্তে খোলা থাকছে বন্দর, ব্যাংক ও কাস্টমস হাউজ
ডিসেম্বর মাসের বাকী ছুটির দিনগুলোতে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট ব্যাংক ও কাস্টমস হাউজগুলোসহ স্থল ও সমুদ্র বন্দরগুলো খোলা থাকবে।
রাজনৈতিক সংকটের কারণে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের ক্ষতি কাটিয়ে উঠতে ক’দিন আগে গঠিত একটি সরকারি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার সব ব্যাংকের বৈদেশিক শাখাগুলোকে শুক্র ও শনিবার ছুটির দিনে খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করার নতুন নিদের্শনা জারি করলেও চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং বেনাপোল, সোনা মসজিদ ও হিলি স্থল বন্দর সংশ্লিষ্ট বৈদেশিক শাখা খোলা রাখার সিদ্ধান্ত বহাল রাখে।
বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোশাক শিল্পের ক্ষতি কাটিয়ে উঠতে কমিটি আগামী বুধবারের বৈঠকে আরো কিছু পদক্ষেপ নেবে । বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ এই কমিটির প্রধান।
ফজলুল হক বলেন, পোশাক কারখানাগুলো তাদের শ্রমিকদের আগামী তিন মাসের বেতনের সমপরিমাণ টাকা ব্যাংক থেকে ঋণ পাবার বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারেও আগামী বৈঠকে সিদ্ধান্ত হবে।
বিজিএমইএ নেতা জানান, ডিসেম্বর মাসে সার্বক্ষনিকভাবে বন্দরকে সচল রাখতে নৌ মন্ত্রণালয়কে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৮ নভেম্বর বিজিএমইএ এবং ৩০ নভেম্বর বিকেএমইএ-র দু’টি প্রতিনিধি দল উপদেষ্টা ড. আকবর আলী খানের সঙ্গে দেখা করে রাজনৈতিক সংকটের সময়ে পোশাক শিল্পের মাল পরিবহণ নিশ্চিত করা ও চট্টগ্রাম বন্দর সার্বক্ষনিক চালু রাখা, ছুটির দিনগুলোতে ব্যাংক ও কাস্টমস চালু রাখা এবং নতুন ও পুরনো রুগ্ন শিল্পের জন্য ব্যাংক ঋণের দাবি জানিয়েছিলেন।
তারপরই ৭ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের এক সদস্য, বিজিএমইএ ও বিকেএমইএ সভাপতি।
