২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে রেকর্ড পরিমান লেনদেন

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এবং ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশের (আইপিডিসি) শেয়ারের প্রতি বিনিযোগকারীদের দারুণ আগ্রহের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের ক্ষেত্রে সোমবার রেকর্ড সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

আগের দিনের তুলনায় এর পরিমাণ ছিল ৬০ দশমিক ৯৪ শতাংশ বেশি। এ দিন মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৩ কোটি ৭৯ লাখ টাকা যা আগের দিন ছিল ২৭ কোটি ২১ লাখ টাকা।

মূল্যসূচক বৃদ্ধি পাওয়ায় পিজিসিবি ও আইপিডিসির শেয়ার কেনার দিকে বিনিয়োগকারীদের ঝোঁক ছিল অনেক বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাউদ্দিন আহমেদ খান বলেন, “এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও ইতিবাচক ভূমিকা পালন করছেন।”

ডিএসই সাধারণ সূচক সোমবার ৩০ দশমিক ৬২ পয়েন্ট বা এক দশমিক ৯৮ শতাংশ বেড়ে এক হাজার ৫৭৪ দশমিক ৮০ এ দাঁড়ায়।

ডিএসই-২০ সূচক ২৫ দশমিক ৪১ পয়েন্ট বা এক দশমিক ৯১ শতাংশ বেড়ে দাঁড়ায় এক হাজার ৩৫৩ দশমিক ৮৭ এ।

ডিএসই সার্বিক সূচক দিন শেষে এক হাজার ৩০৫ দশমিক ৩৫ এ দাঁড়ায়। সূচক উন্নীত হয় ২৫ দশমিক ৩৪ পয়েন্ট বা এক দশমিক ৯৮ শতাংশ।

সোমবার শেয়ার লেনদেনের দিক থেকে শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে পিজিসিবি, আইপিডিসি, ডেসকো, বেক্সটেক্স ও সিটি ব্যাংক।

মোট ছয় কোটি ৯৭ লাখ টাকায় দুই লাখ ৮৭ হাজার ৯০০টি শেয়ার বিক্রির মাধ্যমে লেনদেনের শীর্ষে থাকে পিজিসিবি। চার দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দিন শেষে এ কোম্পানির শেয়ারের দাম হয় ২৪৫ দশমিক ৩৫ টাকা।

লিজিং কোম্পানি আইপিডিসির শেয়ারের দাম রোববার ৩৪৩ দশমিক ২৫ টাকা থাকলেও সোমবার ১৪ দশমিক ৬৩ শতাংশ বেড়ে হয় ৩৯৩ দশমিক ৫০ টাকা। মোট এক লাখ ৭০ হাজার ৩০০টি শেয়ার ছয় কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকায় বিক্রির মাধ্যমে লেনদেনের দিক থেকে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকে আইপিডিসি।

শেয়ারের লেনদেনের দিক থেকে শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডেসকোর শেয়ারের দাম দুই দশমিক ৩৪ শতাংশ, সিটি ব্যাংকের দশমিক শূন্য আট শতাংশ এবং বেক্সটেক্সের চার দশমিক ৬০ শতাংশ বাড়ে।

ডিএসইতে সোমবার সবচেয়ে বেশি লাভ করে বাংলাদেশ থাই এলুমিনিয়াম, আইপিডিসি ও মেঘনা পেট।

অন্যদিকে লোকসান দেওয়া কোম্পানিগুলোর শীর্ষে ছিল ঢাকা ফিশারিজ, গালফ ফুডস এবং ন্যাশনাল পলিমার।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সোমবার সার্বিক শেয়ার সূচক এক দশমিক ৮২ শতাংশ উন্নীত হয়ে তিন হাজার ৬৮২ দশমিক ৪৯ এ দাঁড়ায়।

সিএসই-৩০ সূচক ও বাছাই ৩০ সূচক আগের দিনের তুলনায় যথাক্রমে এক দশমিক ৫৯ শতাংশ এবং এক দশমিক ৮০ শতাংশে উন্নীত হয়।

ডিএসইতে মোট ১৮৪টির মধ্যে ১৫২টি বেড়েছে, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত আছে ১৯টি।

সিএসইতে মোট ৮৩টি শেয়ারের মধ্যে দাম বাড়ে ৬৭টির, কমে ১১টির এবং পাঁচটি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।