২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে চট্টগ্রাম বিচ্ছিন্ন, ঢিমেতালে চলছে বন্দর

অবরোধের কারণে চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম মেইন লাইনে অবরোধ না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় বন্দর থেকে পণ্য খালাস না হলেও অভ্যন্তরীণ পর্যায়ে মাল উঠানামার কাজ চলছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 03:35 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রোববার বেলা ২টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। রেলওয়ে (পূর্ব) জনসংযোগ কর্মকর্তা শফিউদ্দিন আহমদ বেলা দেড়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে চট্টগ্রাম থেকে সব কয়টি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। কিন্তু সকাল পৌনে ১০ টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত সিলেটে রেল চলাচল বন্ধ থাকায় ওই সময়ে সিলেট থেকে কোন ট্রেন ছেড়ে আসেনি।

বন্দর সূত্র জানায়, অবরোধের কারণে বন্দর থেকে সব ধরনের পণ্য ডেলিভারি বন্ধ হয়ে গেছে। তবে বন্দরের সিসিটিসহ জেটি ও বহির্নোঙ্গরে ২৭টি জাহাজে পণ্য উঠানামার কাজ চলছে। বাংলাদেশ মাস্টারস স্টিভিডোরস এসোসিয়েশনের (বিএমএসএ) চেয়ারম্যান এএইচএম মনজুর আলম জানান, বন্দর অভ্যন্তরে কাজের জন্য যথারীতি শ্রমিক-গ্যাং বুকিং দেওয়া হয়েছে এবং পণ্য হ্যান্ডলিংয়ের কাজ চলছে।

অবরোধের প্রথমদিনে চট্টগ্রামে ১৪ দল সকাল থেকে নগরীর নিমতলা, বারিক বিল্ডিং মোড় এবং পাহাড়তলী এ কে খান গেইট এলাকায় মঞ্চ তৈরি করে সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছে।

সকালে এ কে খান গেইটে এক সমাবেশে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দক্ষিণ জেলা সভাপতি আখতারুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। বন্দর বন্ধ থাকবে। চট্টগ্রামকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন রাখা হবে।

অবরোধের সমর্থনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন সকাল থেকে নগরীতে ট্রাক মিছিল বের করে।

এ ছাড়া ১৪ দলের ডাকা অবরোধের প্রতিবাদে নগর বিএনপি বিকেলে কাজীর দেউড়ী মোড়ে সমাবেশের আয়োজন করেছে। এতে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানসহ ৪ দলের অন্যান্য নের্তৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর জানান।