২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিসি ব্যুরো চেয়ারম্যান হতে চায় বাংলাদেশ ও নেপাল

বাংলাদেশ নিউইয়র্কে স্বল্পন্নোত দেশগুলোর (এলডিসি) ব্যুরো চেয়ারম্যান হতে চাইছে। প্রতিবেশী নেপালও এ পদ পেতে আগ্রহী। ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর প্রতিনিধিত্ব করে থাকে এলডিসি সমন্বয় ব্যুরো । জাতিসংঘ মহাসচিবের সুপারিশ অনুযায়ী ২০০১ সালে সাধারণ অধিবেশনে এটি প্রতিষ্ঠিত হয়।

জাতিসংঘের সব সংস্থাকে গতিশীল এবং তাদের মধ্যে সমন্বয় সাধনের ক্ষেত্রে বিশ্ব সংস্থাটির মহাসচিবকে সহায়তা করাই এলডিসি ব্যুরোর লক্ষ্য। এছাড়া ব্যুরো আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে স্বল্পোন্নত দেশগুলোর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করে থাকে।

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “এলডিসির স্বার্থ সংরক্ষণের দীর্ঘ অভিজ্ঞতা আমাদের রয়েছে। সে কারণে আমরা নিউইয়র্কে এলডিসি ব্যুরো চেয়ারম্যানের দায়িত্ব নিতে আগ্রহী।”

এদিকে নেপালও এলডিসি ব্যুরোর চেয়ারম্যান হওয়ার জন্য জোর তৎপরতা শুরু করেছে। এ জন্য দেশটির পররাষ্ট্র সচিব ভগিরথ বাসনেট প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার বিশেষ দূত হিসাবে শুক্রবার ঢাকায় আসেন। মাত্র কিছু দিন আগেই তিনি বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ছিলেন।

ভগিরাথ বাসনেট বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেন। পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের সঙ্গেও তিনি তিনি কথা বলেছেন।

বিশেষ দূত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের কাছে নেপালের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন। তাতে ২০০৭-২০১১ সাল পর্যন্ত এলডিসি ব্যুরোর চেয়ারম্যান পদ লাভের জন্য নেপালের পক্ষে বাংলাদেশের সমর্থন চাওয়া হয়েছে।

রাষ্ট্রপতি নেপালি দূতকে বলেন, এলডিসিভুক্ত দেশগুলোর স্বার্থ রক্ষায় বাংলাদেশ নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছে এবং এখনো করছে। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রতি নেপালের সমর্থন অব্যহত থাকবে বলে তার বিশ্বাস। তবে নেপালের প্রধানমন্ত্রীর প্রস্তাব ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা’ করারও আশ্বাস দেন রাষ্ট্রপতি।

পরে নেপালের বিশেষ দূতের সঙ্গে বৈঠকের সময় পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন তাকে বলেন, “নেপালের অনুরোধ সতর্কভাবে পরীক্ষা করা হবে।” এ সময় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে নিয়মিত বৈঠক আয়োজনের জন্য আনুষ্ঠানিক সমঝোতা প্রস্তাবসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।