২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যাহার সত্ত্বেও কিছু পোশাক কারাখানায় অবস্থান ধর্মঘট পালন

বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক রোববার বলেছেন, অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হলেও মিরপুরসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় তা পালন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

শেষ মূহুর্তে কর্মসূচি প্রত্যাহার করে নেয়ায় এমনটা ঘটে বলে তিনি জানান।

১৯ নভেম্বর থেকে বেশ কয়েক দফা বঙ্গভবনসহ পোশাক কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষনার দিলেও এখন পর্যন্ত কোন কর্মসূচি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পালন করেনি।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বরাবর স্মারকলিপি দেয়া হলেও বিজিএমইএ প্রতিনিধিদলের সঙ্গে তিনি (রাষ্ট্রপতি) দেখা করেননি।

সংগঠনের বিভিন্ন সূত্র জানায়, রাজনৈতিক দল সমর্থিত দুই পক্ষ বিজিএমইএ বোর্ড মিটিংয়ে কর্মসূচির বিরোধীতা করায় তা পালন করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানান, “বর্তমান সভাপতি আমাদের স্বার্থ দেখার বদলে রাজনৈতিক পক্ষপাতদূষ্ট কর্মসূচি নিতেই বেশি আগ্রহী। তিনি আরো বলেন, আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে তিনি কর্মসূচি ঘোষনা করেছেন।”

এ ব্যাপারে ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “এ খাতের স্বার্থ রক্ষার জন্যই আমরা কর্মসূচি ঘোষনা করেছি। যদিও বোর্ড মিটিং-এ সবার সম্মতিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিজিএমইএ ছাড়া এফবিসিসিআইসহ পোশাক খাত সংশ্লিষ্ট অন্য সমিতিগুলো কেন কর্মসূচি ঘোষনা করেনি-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাই আমরাই এগিয়ে এসেছি।”

বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন ইস্যুতে বিজিএমইএ সব সময় মূখ্য ভূমিকা পালন করেছে। বিকেএমইএসহ এ খাত সংম্লিষ্ট অন্যান্য সমিতি কখনো বড় কোন ভূমিকা পালন করেনি।

কর্মসূচি প্রত্যাহার করার কথা সংবাদ মাধ্যম ও সদস্যদের যথাযথ সময়ে জানানো হয়নি বলে স্বীকার করে বিজিএমইএ পরিচালক আনোয়ার পারভেজ চৌধুরী বলেন,“কর্মসূচি ঘোষনা করার সময় প্রক্রিয়াগত কিছু ভুল হয়েছিল। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আনুষ্ঠানিক কোন অলোচনা না হওয়ায় কর্মসূচি তুলে নেওয়া হয়।”

চট্টগ্রাম বন্দরকে অত্যাবশ্যকীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা ও রপ্তানিমুখী শিল্পের পণ্য পরিবহনকে সব ধরণের রাজনৈতিক কর্মকান্ডের আওতামুক্ত রাখার বিষয়টি নির্বাচনী ইশতিহারে উল্লেখ করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি বিজিএমইএ আহবান জানিয়ে আসছে।

বিজিএমইএ সাবেক সভাপতি টিপু মুন্সী আওয়ামী লীগ ও বর্তমান সভাপতি ফজলুল হক বিএনপি থেকে নির্বাচনে দাঁড়াতে চান।

একথা স্বীকার করে ফজলুল হক বলেন, আমি বিএনপি থেকে মনোন্নয়ন চাইবো। পেলে অবশ্যই ভোটে দাঁড়াবো।