২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট

তীব্র গ্যাস সংকটের কারণে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং ষ্টেশন শুক্রবার বন্ধ ছিল। বাকি স্টেশনগুলোতে গ্যাসের চাপ দুর্বল থাকায় পাম্পগুলোর ক্ষমতা কমে যায়।

নিজস্ব প্রতিবেদক

কৈলাস সরকার,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 10:55 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

একারণে সিএনজি চালিত শতশত যানবাহনকে লাইন ধরে, এমনকি যানজট তৈরি করে, দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা। গ্যাস না পেয়ে অনেক মালিক ও চালককে যানবাহন নিয়ে ফিরে যেতেও দেখা গেছে।

পাম্প মালিক-শ্রমিক এবং সিএনজি চালিত যানবাহনের মালিক ও চালকদের সঙ্গে আলাপ করে জানা গেছে বৃহষ্পতিবার রাত থেকে গ্যাস সংকট শুরু হয় এবং শুক্রবার দিনভর তা অব্যাহত ছিল।

গ্যাস সংকটের কারণে মগবাজার, মহাখালি, গুলশান, রমনা, মিরপুর এবং উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত পাম্পগুলোর অধিকাংশ ছিল বন্ধ। কয়েকটি ফিলিং ষ্টেশন খোলা থাকলেও সেগুলোতে গ্যাসের ছিল কম। ফলে প্রতিটি যানবাহনে গ্যাস ভরতে সর্বোচ্চ পাঁচ মিনিটের পরিবর্তে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট সময় লাগে।

বাংলাদেশ পাম্প-ষ্টেশন মালিক সমিতির কোষাধক্ষ ও মগবাজারে অবস্থিত যমুনা ফিলিং ষ্টেশনের মালিক আলহাজ্ব ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “গ্যাস সংকটের কারণে আমার ষ্টেশনটি সকাল থেকেই বন্ধ রয়েছে।”

“গ্যাসের চাপ এত কম ছিল যে কোন মতেই গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। রাজধানীর ৭৬ টি ষ্টেশনের অধিকাংশেরই প্রায় এক দুরাবস্থা”, তিনি জানান।

ফজলুল হক বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে আছি। সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বহুবার আলোচনা করেছি। কিন্তু কোন সমাধান পাইনি।”

লোডশেডিং, বিদ্যুতের লো-ভোল্টেজ এবং হাই-ভোল্টেজের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কারণেও সিএনজি ষ্টেশনগুলোকে ঝামেলা পোহাতে হচ্ছে।

উত্তরায় এয়ারপোর্ট রোডের পাশে অবস্থিত একটি পাম্প ষ্টেশনের কর্মচারী শিহাবুদ্দিন জানান, “গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে প্রতিদিন আমরা প্রায় ২০০ যানবাহনে গ্যাস দিতে পারি। কিন্তু আজ সর্বোচ্চ ৩০ টিতে পেরেছি। আর একারণে লম্বা লাইন ধরে যানবাহনগুলো অপেক্ষা করছে।”

“গ্যাস দিতে না পারায় অনেক গাড়ি ফিরে যায় এবং তারপরও কিছু কিছু গাড়ি দীর্ঘক্ষন ধরে অপেক্ষা করে”, শিহাব জানায়।

সিএনজি চালক মহিবুল্লাহ জানান, “বৃহষ্পতিবার রাতে দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষার পর আমি মিরপুরের একটি ষ্টেশন থেকে গ্যাস সংগ্রহ করি।”

বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবর রহমান জানান, সিএনজি চালিত যানবাহনের সংখ্যা দিন দিন বাড়লেও ষ্টেশনের সংখ্যা সেই হারে বাড়ছেনা।