২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংক খোলা থাকবে শনিবার

তৈরি পোষাক শিল্পের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চট্টগ্রাম বন্দর, কাস্টমস হাউজ এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো আগামী শনিবার পূর্ণ দিবস খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

অর্থসচিব সিদ্দিকুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হকের আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর, কাস্টমস হাউজ এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো শনিবার পূর্ণ দিবস খোলা রাখার ব্যাপারে অর্থ সচিব, বাণিজ্য সচিব এবং বাংলাদেশ ব্যাংক সম্মত হয়েছে।

এছাড়া বিজিএমইএ-এর অনুরোধে বুধবার সন্ধ্যায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সংশ্লিষ্ট বিভাগগুলোকে আগামী চারদিন ঢাকা শহরে দিনের বেলায় কার্ভাড ভ্যান ও ট্রাক প্রবেশ করতে দেওয়ার নির্দেশ দেন।

এসএম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৈরি পোষাক শিল্পের কার্যক্রমসহ আমদানি-রপ্তানি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিজিএমইএ-এর পক্ষ থেকে অর্থসচিবকে তিনি অনুরোধ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গর্ভনর এ মুহূর্তে দেশে না থাকায় তাকে অনুরোধ করা হয় বলে উল্লেখ করে তিনি বলেন, গত চারদিন অবরোধ থাকায় আমদানি-রপ্তানিসহ তৈরি পোষাক শিল্পের জন্য প্রয়োজনীয় ব্যাংক লেনদেন করা সম্ভব হয়নি।

এদিকে চট্টগ্রাম বন্দরে দ্রুত মাল খালাস তদারকের জন্য চট্টগ্রামে অবস্থানরত বিজিএমইএ পরিচালক মাহবুব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, বন্দরে এখনও ১৮ হাজার কন্টেইনারের জট রয়েছে। দ্রুত মাল খালাস করা সম্ভব না হলে বন্দরে অপেক্ষমান জাহাজে আমদানি করা কন্টেইনারও খালাস করা সম্ভব হবে না।