২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক অস্থিরতায় বেড়েছে ব্যাংকের তারল্য

রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বেসরকারি খাতে ঋণদান কমে যাওয়ায় ঈদের পর ব্যাংকিং খাতে অতিরিক্ত অর্থের যোগান বেড়েছে। ব্যাংকিং খাতে বর্তমানে অর্থের যোগান রয়েছে তিন হাজার কোটি টাকা। ঈদের পর যা ছিল এক হাজার দুশ কোটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 07:16 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ঋণের চাহিদা কম থাকায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপোয় অংশ নিতে বাধ্য হচ্ছে। ১ নভেম্বর রিভার্স রেপোয় লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ৮৪ কোটি টাকা। ১২ নভেম্বর তা দাঁড়ায় তিন হাজার ২৯ কোটিতে। তবে ১৪ ও ১৫ নভেম্বর এর পরিমাণ দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ৮৩৩ কোটি ও দুই হাজার ১৩৮ কোটিতে।

এর কারণ হিসেবে বড় আকারের ঋণ গ্রহণের চাহিদা না থাকাকে চিহ্নিত করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান এম আমিনুজ্জামান।

তিনি বলেন, “বড় বড় প্রকল্পগুলোতে আমরা ঋণ গ্রহণের উদ্যোগ দেখতে পাচ্ছি না। সম্ভবত রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ক্ষমতা বদলের কারণে উদ্যোক্তারা ঋণ গ্রহণে আগ্রহী হচ্ছেন না।”

এক্ষেত্রে উচ্চ হারের সুদও একটি কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।

অর্থ ব্যবস্থাপকরা বলছেন, অধিকাংশ ব্যাংকেই অতিরিক্ত অর্থের যোগান রয়েছে। বাজারে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থের যোগান থাকায় কল মানি রেট সাড়ে ছয় শতাংশে স্থির রয়েছে।

একটি বেসরকারি ব্যাংকের অর্থ ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “অর্থ সংরক্ষণের খরচ কমাতে অধিকাংশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের রিভার্স রেপোতে অংশ নিচ্ছে।”

উচ্চ সুদে অর্থ জমা নেওয়ায় ব্যাংকগুলোর অর্থ সংরক্ষণের খরচ বেড়ে গেছে।

তিন মাস পরপর ঋণদান ও অর্থ জমা গ্রহণের ক্ষেত্রে যে গড় হার হিসেব করা হয় তাতে দেখা গেছে মার্চ মাসে তা ছয় দশমিক ২৬ শতাংশ হলেও জুনে তা দাঁড়িয়েছে ১১ দশমিক ৬০ শতাংশে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বেসরকারি খাতে ঋণ প্রদানের হার জুনের শেষে এক লাখ ৩০ হাজার ৯৭৩ দশমিক ৪০ কোটি হলেও জুলাই-সেপ্টেম্বর মাসে তা দাঁড়ায় এক লাখ ৩৪ হাজার ৮১১ দশমিক ৩০ কোটি টাকায়।

অভ্যন্তরীণ ঋণের পরিমাণ তিন দশমিক ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৩ হাজার ৮০৫ দশমিক ৩০ কোটি টাকায়। জুনে এই পরিমাণ ছিল এক লাখ ৭৭ হাজার ৭৪৩ কোটি টাকা।

ব্যাংকগুলো গত ১৫ দিন ধরে ট্রেজারি বিলের প্রতি আগ্রহ দেখাচ্ছে। এ সময়ের মধ্যে তারা ২৮ দিনের বিল এক হাজার ৭৮৩ কোটি টাকায়, ৯১ দিনের বিল ২০৫ কোটি, ১৮২ দিনের টি-বিল ২২ কোটি ও ৩৬৫ দিনের টি-বিল ৫১ কোটি টাকায় কিনেছে।

ব্যাংকগুলো সরকারি ট্রেজারি বন্ড ও বাংলাদেশ ব্যাংক বিলের নিলামেও অংশ নিয়েছে।