রূপালী ব্যাংক হস্তান্তরে নতুন জটিলতা
শেষ মুহূর্তে এসে রূপালী ব্যাংক হস্তান্তর প্রক্রিয়ায় নতুন জটিলতার সৃষ্টি হয়েছে। বেসরকারিকরণ কমিশনের বিদায়ী চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী জানান, ব্যাংকটির প্রধান ভবন পরিত্যক্ত সম্পত্তির অন্তর্ভুক্ত। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সোহেল পারভেজ
শেষ মুহূর্তে এসে রূপালী ব্যাংক হস্তান্তর প্রক্রিয়ায় নতুন জটিলতার সৃষ্টি হয়েছে। বেসরকারিকরণ কমিশনের বিদায়ী চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী জানিয়েছেন, ব্যাংকটির প্রধান ভবন পরিত্যক্ত সম্পত্তির অন্তর্ভুক্ত। সরকারের মনোনীত একজন পরিচালক এটিকে আগেই পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করেছিলেন।
রোববার সৌদি প্রিন্স বান্দার বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সৌদের কাছে হস্তান্তরের তারিখ চূড়ান্ত করার আগমুহূর্তে বিদায়ী চেয়ারম্যান একথা জানান।
এদিকে ৩৩ কোটি মার্কিন ডলারের বিনিময়ে রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার ক্রয়কারী সৌদি প্রিন্সের প্রতিনিধিরা আশা করেছিলেন, রোববারই হস্তান্তরের তারিখ চূড়ান্ত হয়ে যাবে, কিন্তু তারিখ নির্ধারণ ছাড়াই বৈঠকটি সমাপ্ত হয়েছে।
সৌদি প্রিন্সের সিনিয়র উপদেষ্টা এবং প্রতিনিধি দলের নেতা ফ্রাঙ্ক পিটার্স বলেন, “আমরা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছি। কিছু বিষয়ে আরও আলোচনার দরকার আছে। আশা করছিলাম, আজ হস্তান্তরের তারিখ নির্ধারিত হবে। এ সপ্তাহের মধ্যেই সেই তারিখ নির্ধারণের ব্যাপারে আমরা এখন আশাবাদী।”
এর আগে বাংলাদেশের আমলারা তাদের কাছে কিছু তথ্য সরবরাহ করেননি বলে তিনি জানান।
যোগাযোগের ঘাটতির কারণেই এটা হয়েছে উল্লেখ করে তিনি বলেন,“আমরা কোনও ব্যক্তি বা সরকারের কোনও সংস্থাকে দায়ী করতে চাচ্ছি না।”
অমীমাংসিত বিষয়গুলোর ব্যাপারে বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান বলেন, ব্যাংকের হিসাব এবং কুঋণের ব্যাপারে বিতর্ক রয়েছে।
এনাম আহমেদ চৌধুরী বলেন, “কোনও সুদ ছাড়াই কী করে বিরাট অংকের কুঋণ পুনঃনির্ধারণ করা হয়েছে। এটা সম্ভবই বা হলো কীভাবে?” কুঋণের দায় সরকারের ওপর রাখার ব্যাপারে আলোচনা চলছে বলে তিনি জানান।
চেয়ারম্যান বলেন, রূপালী ব্যাংক হস্তান্তরের ব্যাপারে আপত্তি তুলে পূর্ত মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার আগপর্যন্ত আইন মন্ত্রণালয় মূল ভবনটিকে ব্যাংকের নিজস্ব সম্পত্তি বলেই জানত।
তবে এনাম আহমেদ চৌধুরী ওই পরিচালকের নাম প্রকাশের ব্যাপারে অস্বীকৃতি জানান। তিনি বলেন, পরিত্যক্ত ঘোষণার আগে ১৯৭২ সালে সরকারি এক নোটিফিকেশনে ভবনটির মালিকানা রূপালী ব্যাংককে প্রদান করা হয়। এর আগে ভবনটির মালিকানা ছিল মুসলিম কমার্শিয়াল ব্যাংকের কাছে। অর্থ মন্ত্রণালয় সমস্যাটি সমাধানের ব্যাপারে পূর্ত মন্ত্রণালয়ের কাছে লিখবে বলে তিনি জানান।
সরকারের মালিকানাধীন ব্যাংকের ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য সৌদি প্রিন্স ১৩ কোটি ৪০ লাখ ডলারের যে প্রস্তাব দিয়েছেন সে ব্যাপারে চৌধুরী বলেন, “এটি ভালো একটি প্রস্তাব। সোমবার আমরা এ বিষয়ে আলোচনা করব।”
নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান না করে সরকার অবশিষ্ট শেয়ার বিক্রি করতে চাইলে কোনও আইনি বাধা হবে না বলেও তিনি জানান।
এনাম চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা চাইলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন।
চূড়ান্ত বিক্রয় চুক্তি স্বাক্ষরের অনিশ্চয়তা সম্পর্কে তিনি বলেন, “১৫ নভেম্বরের মধ্যে আমরা সবকিছু চূড়ান্ত করা চেষ্টা করব।
এদিকে ১৫ নভেম্বর বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরীর শেষ কর্মদিবস। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে জানা গেছে।
