২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিন্ডিকেট ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন উপদেষ্টা আকবর

তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলী খান রোববার বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির জন্য দায়ী সিন্ডিকেট ব্যবসার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 07:24 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “কীভাবে আমদানি প্রক্রিয়ার সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের সম্পৃক্ত করা যায়, সে ব্যাপারে শিগগিরই আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনায় বসবো।” তিনি বলেন, “ক্ষুদ্র আমদানিকারকদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়া হলে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে।”

“যখন গুটিকয় ব্যক্তি বাজার নিয়ন্ত্রণ করে তখনই সিন্ডিকেট গড়ে ওঠে” বলে আকবর আলী খান জানান। কিছু বড় ব্যবসায়ী সয়াবিন ও চিনির মতো পণ্যগুলো আমদানি করছেন এবং বেশি লাভ করার জন্য সিন্ডিকেটের মাধ্যমে তারা তা বিক্রি করছেন বলেও অর্থ উপদেষ্টা জানান।

উপদেষ্টা জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গিয়ে জনসাধারণের জীবন অতীষ্ঠ হয়ে ওঠেছে। সিন্ডিকেটের উপস্থিতির কারণে কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধির এ ঘটনা ঘটানো হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। এমনকি ব্যবসায়ীরা শক্তিশালী সিন্ডিকেটের উপস্থিতির বিষয়টি বিভিন্ন সময়ে স্বীকার করেছেন।

অর্থ উপদেষ্টা বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে হঠাৎ করে আইনি ব্যবস্থা নেওয়া হলে সেটা বুমেরাং হতে পারে। এতে করে দেখা যাবে, তারা সাতদিন মূল্য স্থিতিশীল রাখার পর আবার মূল্য বাড়িয়ে দিচ্ছে।

সরকারের শীর্ষস্থানীয় সাবেক আমলা বলেন, “আমি এই অপব্যবসার সমাধান চাই। কিন্তু তা অবশ্যই দীর্ঘমেয়াদি হওয়া প্রয়োজন।”

“নিত্যপ্রয়োজনীয় জিনিসের আমদানিতে ক্ষুদ্র ব্যবসায়ীসহ আরও বেশি ব্যবসায়ীদের সংশ্লিষ্ট করে সিন্ডিকেট ব্যবসার অবসান ঘটানো যেতে পারে” বলে তিনি মন্তব্য করেন।

“আমাদের দেশের আমদানিকারকরা কলকাতার চেয়ে কম দামে সয়াবিন কিভাবে বিক্রি করে” এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের আমদানিকারকরা পাম অয়েল আমদানি করে ভোক্তাদের সাথে প্রতারণার মাধ্যমে তা সয়াবিন হিসেবে বিক্রি করে।” তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

দেশের ভোক্তা সংরক্ষণ আইন বাস্তবায়নের বিষয়টি সমর্থন করে অর্থ উপদেষ্টা বলেন, “আপনি মুক্ত বাজার অর্থনীতির কথা বলবেন, অথচ ভোক্তাদের অধিকার সংরক্ষণের কোনও ব্যবস্থা সেখানে থাকবে না, তা হতে পারে না।”